ঢাকা: নিজেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গুলশান থানা পুলিশের একটি সূত্র গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে গুলশান থানা পুলিশ ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আসাদুল ইসলাম একসময় সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তার চাকরি চলে যায়। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে, বাবার নাম আবুল মজিদ মোল্লা। আসাদুলের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, চাকরিচ্যুত হওয়ার পর আসাদুল নিজেকে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিতে শুরু করেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত আছেন বলেও দাবি করতেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে পরিচয় দিয়ে চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখাতেন। এসব আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, মেজর পরিচয়ে সচিবালয়ে যাতায়াত করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও প্রতারণার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, গতরাতে গুলশান থানা পুলিশের সহায়তায় প্রতারক আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন ভয়ংকর প্রতারক, তার বিরুদ্ধে আমাদের কাছে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে পাবনা আনা হয়েছে। কিছুক্ষণ পর তাকে আদালতে পাঠানো হবে।