Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৯:২৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক/চুক্তি সই হয়েছে।’

সোমবার (২০ এপ্রিল) সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এপ্রিল মাসের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত এ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং আমি (আরিফুল হক চৌধুরী) দেশটি সফর করেছি এবং মালয়েশিয়ার সরকার ও আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি, অতি দ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ এবং সংকুচিত শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মী পাঠানোর লক্ষ্যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। বিদেশে দক্ষকর্মী পাঠানোর উদ্দেশে ১ লাখ ড্রাইভার তৈরির জন্য ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় চারটি দেশের সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) মেমোরেন্ডাম অব কো-অপারেশন (এমওসি) অ্যাগ্রিমেন্ট সই করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মন্ত্রণালয় এবং জাপানের মধ্যে সই করা চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে ১ লাখ কর্মী প্রেরণের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে। অধিকহারে কর্মী পাঠানোর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ নামে আলাদা সেল গঠন করা হয়েছে।

তিনি জানান, ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। যার মধ্যে পুরুষ কর্মীর পাশাপাশি ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর