ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। একই সঙ্গে ওই এলাকার ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়ও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজড ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচনের ভোট গ্রহণের দিন ২৯ অক্টোবর বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই এলাকার তফসিলি ব্যাংকের সব শাখা, উপশাখা ও আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকবে।