খুলনা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার প্রাণ-প্রকৃতি রক্ষায় দেশব্যাপী ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে খুলনা সিটি কর্পোরেশন ও বিকাশের যৌথ উদ্যোগে সোনাডাঙ্গা সোলার পার্কে বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশ সংরক্ষণ, নগর সবুজায়ন ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। বনায়ন বৃদ্ধির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এর মূল লক্ষ্য। সামাজিক সচেতনতা ছাড়া সরকারের এই সবুজায়নের প্রচেষ্টা সফল করা সম্ভব নয়।’ তাই তিনি সর্বস্তরের জনগণকে এ কাজে শামিল হতে উদ্বুদ্ধ করেন।
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে প্লাস্টিক এবং পলিথিনমুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। দেশের উন্নয়নে প্রত্যেক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, বন সংরক্ষক ইমরান আহমেদ প্রমুখ।