ঢাকা: রাজধানীর মিরপুর-১ এলাকায় স্বাস্থ্যকেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ নিয়ে এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রটির লুণ্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটি বলেছে, মুখোশ পরা ২০০ থেকে ২৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ক্লিনিকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি এনে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন।
রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা ওষুধ, ভ্যাকসিন, সরকারি টিকাদান কর্মসূচির রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার সামগ্রী, আলট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকার বেশি বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গত শুক্রবার সকালে একটি মামলা হয়েছে। সেই মামলায় চারজনকে গ্রেফতার করে গতকাল আদালতে পাঠিয়েছিল পুলিশ।