Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জামানত লাগবে না

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৮:২৫

ঢাকা: ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী এবং শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে ব্যাংক। এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।

এ জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা পুনর্বিন্যাস করে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এ অর্থায়ন করা হবে। স্কিমটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর। এ স্কিমের আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয় উৎসারী কর্মকাণ্ডে যুক্ত করে জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবধারীরা এ স্কিমের আওতায় ঋণ পাওয়ার যোগ্য হবেন। নতুন গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য ১০, ৫০ বা ১০০ টাকার হিসাব খুলতে হবে।

এ স্কিমে ঋণ পাবেন প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা। তাদের মধ্যে রয়েছেন জেলে, ছুতার, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতকারী, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক।

এ ছাড়া মুদি ও মনোহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ সেবাদাতা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, তথ্য ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্যচাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, ব্লক-বাটিক ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ঋণ পাবেন।

ফ্রিল্যান্সার এবং বিভিন্ন সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদেরও এ ঋণের আওতায় আনা হয়েছে।

স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। মোট ঋণের কমপক্ষে ২৫ শতাংশ নারী ঋণগ্রহীতা ও উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। বিশেষ করে প্রান্তিক নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা এ সুবিধা পাবেন।

কৃষকদের ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড নেই এমন কৃষকেরাও যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও কোভিড-১৯-এর মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পেশাজীবীরা অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকায় বসবাসকারী স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদেরও এ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

প্রবাসে কর্মরত ব্যক্তিদের পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগী এবং বিদেশ থেকে দেশে ফিরে আসা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরাও ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের গ্রাহকেরাও আয় উৎসারী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য ঋণ পাবেন।

আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের জন্যও ঋণের ব্যবস্থা রাখা হয়েছে।

অনূর্ধ্ব ২৫ বছর বয়সী সুবিধাবঞ্চিত ও অসচ্ছল স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের জন্য ঋণ পাবেন। এ ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের গ্যারান্টি দিতে হবে।

১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা আয় উৎসারী কর্মকাণ্ড, প্রশিক্ষণলব্ধ দক্ষতার ভিত্তিতে পেশা ও ব্যবসা পরিচালনার জন্য ঋণ নিতে পারবেন।

এ ছাড়া এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এ ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের গ্যারান্টির ভিত্তিতে ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ঋণ দেওয়ার আগে গ্রাহকের প্রয়োজনীয়তা যাচাই করতে হবে।

দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচ সদস্যের একটি দল গঠন করা যাবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা করে ঋণ পাবেন। একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।

অনুমোদিত ঋণের সমপরিমাণ অর্থ গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার নো-ফ্রিল হিসাবের মাধ্যমে বিতরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক এ স্কিমের আওতায় অর্থায়নকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।

গ্রাহকের ঋণ বা বিনিয়োগের ক্রমহ্রাসমান স্থিতির ওপর সুদ বা মুনাফা হিসাব করতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিজস্ব অনুমোদিত বিনিয়োগ পদ্ধতি অনুসরণ করে অর্থায়ন করতে পারবে। তবে গ্রাহক পর্যায়ে আদায় করা মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না।

ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি পাওয়া যাবে। গ্রেস পিরিয়ডসহ ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে পাঁচ বছর বা ৬০ মাস।

গ্রেস পিরিয়ড শেষে ব্যাংকগুলোকে ত্রৈমাসিক কিস্তিতে সুদ, মুনাফা ও সার্ভিস চার্জসহ আসল আদায় করতে হবে। তবে গ্রাহকের কাছ থেকে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক কিস্তিতেও অর্থ আদায় করা যাবে।

নতুন নীতিমালায় ঋণখেলাপিদের এ স্কিমের আওতায় ঋণ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো প্রকল্প কিংবা পুনঃঅর্থায়ন স্কিম বা সুদ ভর্তুকির আওতায় নেওয়া অন্য ঋণ অসমন্বিত অবস্থায় থাকলে সংশ্লিষ্ট গ্রাহক নতুন করে এ সুবিধা পাবেন না।

ঋণ বিতরণের আগে গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করতে হবে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো চার্জ বা ফি নেওয়া যাবে না।

এ স্কিমের আওতায় ব্যাংকগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায় করতে পারবে।

এজেন্ট ব্যাংকিং ও এমএফএসের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চার্জের বাইরে ঋণ প্রক্রিয়াকরণ বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না।

ঋণ বিতরণ, আদায় ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। প্রতি ত্রৈমাসিকের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে পাঠাতে হবে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় সরেজমিনে পরিদর্শন করতে পারবে।

নতুন স্কিমের আওতায় অংশ নিতে আগ্রহী তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সঙ্গে অংশগ্রহণ চুক্তি করতে হবে। ঋণের আসল ও সুদ বা মুনাফা পরিশোধের নিশ্চয়তা দিয়ে ব্যাংকগুলোকে আলাদা ডিপি নোটও দিতে হবে।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর