Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভল্টের টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংক কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৭:৩৭

ঢাকা: প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা পুরো অর্থসহ অতিরিক্ত ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ের বিবরণ অনুযায়ী, অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার এই সম্পূর্ণ অর্থ ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রতারণার দায়ে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে।

রায়ে আদালত উল্লেখ করেছেন, আসামির মূল কারাদণ্ডগুলো একটির পর একটি কার্যকর হবে। ফলে তাকে মোট (১০+৫+৫) ২০ বছর কারাভোগ করতে হবে। তবে মামলার তদন্ত ও বিচার চলাকালে আসামি ইতোমধ্যে যে সময়টুকু হাজতবাস করেছেন, তা তার মোট সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

সারাবাংলা/এনএল/এনজে