Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসী কার্ডের নামে অর্থ লেনদেনে সতর্কতা, শুরু হয়নি আবেদন কার্যক্রম

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৭:০৫

প্রবাসী কার্ড চালুর আগেই এ কার্ডের নামে প্রতারণা শুরু হয়েছে। তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে অসাধু ব্যক্তি ও দালাল চক্র।

এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, প্রবাসী কার্ড এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। এ কার্ডের জন্য আবেদন গ্রহণের কার্যক্রমও শুরু হয়নি। ফলে কার্ড দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে প্রবাসী কার্ড বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কার্ডটি চালুর প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এর আবেদনপদ্ধতি, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কার্ড চালু হলে আবেদনপদ্ধতি, যোগ্যতা ও সুবিধাসংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ দেওয়া যাবে না। কেউ প্রতারণার শিকার হলে কিংবা এ ধরনের প্রতারণার তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানাতে হবে।

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ০১৭১২-৮৭০৯৬৮ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলামের সঙ্গে ০১৩৩১-১১৬৬০০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর