Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের 

মো.আশরাফুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৬:১৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ১৬:১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়াইল গ্রামের বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়াইল গ্রামের একটি বিদ্যালয়ে শিক্ষার আলো ছড়াতে প্রতিদিন লড়াই করছেন পাঁচ শিক্ষক। নেই কোনো বেতন-ভাতা, নেই পর্যাপ্ত শিক্ষা উপকরণ। জরাজীর্ণ মাটির ঘর, ফুটো টিনের চালা, ভাঙাচোরা শ্রেণিকক্ষ আর নিরাপদ পানির সংকটের মধ্যেই চলছে পাঠদান। সবচেয়ে উদ্বেগের বিষয়, বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় তৃষ্ণা মেটাতে ড্রেনের পানি পান করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।

বিদ্যালয়টির নাম বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামে অবস্থিত এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ১২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। আশপাশের সাত-আটটি গ্রামের শিশুদেরও শিক্ষার ভরসা এই বিদ্যালয়। অথচ বিদ্যালয়টির প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় নেই বিকল্প কোনো শিক্ষাপ্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির ভবন মাটির দেয়ালে তৈরি। মাথার ওপর মরিচা ধরা টিনের চালার বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষের ভেতরে পানি পড়ে। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় গাদাগাদি করে বসতে হয় শিক্ষার্থীদের। একই কক্ষে একাধিক শ্রেণির পাঠদান চলছে। নেই বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্যসম্মত শৌচাগার কিংবা নিরাপদ পানির ব্যবস্থা। ফলে শিক্ষার পরিবেশের পাশাপাশি শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ‘বড়াইল মিশন স্কুল’ নামে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে মিশনারিরা চলে গেলে বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। দীর্ঘ বিরতির পর ২০০৮ সালে নতুন নামে আবারও চালু করা হয় বিদ্যালয়টি। এরপর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও চলছে পাঠদান।

বিদ্যালয়টি অবস্থিত বড়াইল গ্রামে। পুরো গ্রামজুড়েই মূলত আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। এখানকার অধিকাংশ পরিবার আর্থিকভাবে অসচ্ছল। ফলে এসব পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষার অন্যতম আশ্রয় এই প্রতিষ্ঠান। বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে এলাকার অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে বিশুদ্ধ পানি না থাকায় তৃষ্ণা পেলে ড্রেনের পানি পান করতে হয়। এতে অসুস্থ হওয়ার ভয় থাকে। বৃষ্টি হলে ছাদের ছিদ্র দিয়ে পানি পড়ে, তখন ক্লাস করাও কঠিন হয়ে যায়। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় গাদাগাদি করে বসতে হয়। এত সমস্যা থাকার পরও তারা নিয়মিত বিদ্যালয়ে আসে। তাদের দাবি, দ্রুত নতুন ভবন নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মন বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাঁচ শিক্ষক কোনো বেতন-ভাতা ছাড়াই আন্তরিকতার সঙ্গে শিশুদের পাঠদান করছেন। কিন্তু জরাজীর্ণ ভবন, নিরাপদ পানির অভাব এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পেলে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েই উপকৃত হবেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি স্বীকৃতির দাবি জানান।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, বিদ্যালয়টির দুরবস্থার বিষয়টি তারা জেনেছেন। সরেজমিনে পরিদর্শন করে নিরাপদ পানির সংকট, জরাজীর্ণ ভবনসহ অন্যান্য সমস্যা খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়টির সার্বিক পরিস্থিতি তারা সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখানে অবকাঠামোগত সমস্যা, শ্রেণিকক্ষের সংকট ও নিরাপদ পানির অভাব রয়েছে। বিদ্যালয়টির বর্তমান অবস্থা বিবেচনায় নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরকারি স্বীকৃতির বিষয়টি সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী বিবেচনা করতে হবে।

স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন এবং সরকারি স্বীকৃতির উদ্যোগ নিতে হবে। বিনা বেতনে পাঠদান করা শিক্ষকদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানান তারা।

একদিকে শিক্ষার্থীদের চোখে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, অন্যদিকে সেই স্বপ্ন পূরণের শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই ন্যূনতম সুযোগ-সুবিধা। তবু থেমে নেই শিশুদের বিদ্যালয়ে আসা, থেমে নেই পাঁচ শিক্ষকের পাঠদান। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই পারে বড়াইল গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর