ঢাকা: দেশের দুগ্ধ খাতকে টেকসই, লাভজনক এবং জলবায়ু-সহনশীল করে গড়ে তুলতে দুধের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর জোর দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি মনে করেন, এই লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সুষ্ঠু ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটানো জরুরি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে দেশের দুগ্ধ উৎপাদন ও চাহিদার বর্তমান চিত্র তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু জানান, বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। এর বিপরীতে জাতীয় চাহিদা রয়েছে ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। অর্থাৎ চাহিদার তুলনায় দেশে বছরে প্রায় ৫ লাখ ২৬ হাজার মেট্রিক টন দুধের ঘাটতি রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি, গ্রামীণ জনগোষ্ঠীর জীবন-জীবিকা এবং পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বিদ্যমান এই ঘাটতি পূরণে কেবল উৎপাদন বাড়ালেই চলবে না; বরং উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনার ওপর সমান গুরুত্ব দিতে হবে।’
গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র খামারি, নারী ও তরুণদের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। বিশেষ করে খামার ব্যবস্থাপনায় গ্রামীণ নারীরা বড় ভূমিকা রাখছেন। পাশাপাশি তরুণ উদ্যোক্তারা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ এবং কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছেন। এই প্রান্তিক খামারি, নারী ও তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে উন্নত প্রযুক্তি, প্রয়োজনীয় প্রশিক্ষণ, সহজ শর্তে অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
দেশের ডেইরি খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত শীতলীকরণ বা কোল্ড-চেইন ব্যবস্থা এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে এ খাতের অন্যতম প্রধান অন্তরায়। তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সংকট কাটানো সম্ভব।’
তিনি পরামর্শ দেন, গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম পশুখাদ্য সরবরাহ, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে যেমন দুধের উৎপাদন বাড়ানো সম্ভব, তেমনি পরিবেশদূষণও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যাবে।
সরকারি উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “সরকার দেশে একটি টেকসই ডেইরি খাত গড়ে তুলতে সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে নিরলস কাজ করছে। এর অংশ হিসেবে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ কার্যকর করা, দুধের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দুধে ভেজাল প্রতিরোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বক্তব্যের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদফতর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহের নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করার এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
এ ছাড়া সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক এবং দেশের দুগ্ধশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।