চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাজখালী খালে পড়ে মো. মিনহাজ (১২) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মিনহাজ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য মাদরাসার হিফজ বিভাগ থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়িতে নিয়ে যান তার মা। শনিবার সকাল ১১টার দিকে তাকে আবার মাদরাসায় নিয়ে যাওয়ার কথা ছিল।
এর আগে সকালে বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে বের হয় মিনহাজ। পরে নিজের সাইকেল বাড়িতে রেখে বন্ধুর সাইকেলে করে ঘুরতে বের হয় সে। একপর্যায়ে রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় সাইকেল থেকে খালে পড়ে যায় মিনহাজ। পরে তার এক বন্ধু পেছনে ফিরে তাকে খালে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির উদ্দিন বলেন, ‘খালে পড়ে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাইকেল চালানোর সময় অসাবধানতাবশত খালে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।’