ঢাকা: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ (রোববার)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট নির্বাচন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, গতকাল শনিবার ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে নিজ নিজ দল ও জোটের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
অন্যদিকে, বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির দুই নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর।
উল্লেখ্য, গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।