ঢাকা: দক্ষিণ আফ্রিকার প্রধান দুই শহর জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। দেশটিতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। ওই বৈঠকেই দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের পক্ষ থেকে দেশটিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
এর জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দক্ষিণ আফ্রিকায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।
বৈঠকে বিমান যোগাযোগের পাশাপাশি দুই দেশের পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। এ সময় তিনি দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনায় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।