নাটোর: নাটোরে সড়ক দুর্ঘটনায় আবু চাঁদ মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পিটিআই মোড়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু চাঁদ মোল্লা বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর (তালতলা) এলাকার নসির উদ্দিন মোল্লার ছেলে। তিনি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট মাহমুদুল হাসান সুপার প্রাইমারি স্কুলে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে তেবারিয়া হাট থেকে বাজার করে সাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। সকাল ৮টার দিকে শহরের পিটিআই মোড়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস আবু চাঁদ মোল্লাকে চাপা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি ও এর চালককে আটক করার চেষ্টা চলছে।