Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সালমান এফ রহমানসহ ২৫ জনের নামে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬

বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান -ছবি : সংগৃহীত

ঢাকা: জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদক-এর গণমাধ্যম শাখার কর্মকর্তা সাইদুর রহমান খান।

আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান এবং অন্যান্য পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন। তারা ‘স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি অস্তিত্বহীন ও নামসর্বস্ব কাগজে প্রতিষ্ঠান গড়ে তোলেন।

বিজ্ঞাপন

পরে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার এবং আইএফআইসি ব্যাংকের সিআরএম পলিসি-২০১৭-এর বিধি-বিধান লঙ্ঘন করে কোনো যোগ্যতা যাচাই ছাড়াই পর্যাপ্ত জামানত ছাড়া ঋণ অনুমোদন ও বর্ধিতকরণ করা হয়। এর মাধ্যমে নগদ ট্রান্সফারে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা বিতরণ ও উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।

সুদ ও অন্যান্য চার্জসহ ব্যাংকের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা ০৩ পয়সা।

আত্মসাৎকৃত অর্থের উৎস আড়াল করতে বিপুল পরিমাণ অর্থ নগদে উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের প্রাথমিক প্রমাণ মিলেছে।

এই ঘটনায় দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় সালমান এফ রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর