রাজবাড়ী: জেলায় ট্রেনে কাটা পড়ে নুর ইসলাম শেখ (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম শেখ বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত সলেমান শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বসন্তপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা নুর ইসলাম ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।