Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৬ ২১:৩৯

রাজবাড়ীতে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: জেলার বানীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটনের ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বানীবহ বাজার ব্যবসায়ী পরিষদ, স্থানীয় ব্যবসায়ী ও বানিবহ ইউনিয়নবাসীর আয়োজনে বানিবহ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বানীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাব উদ্দিন খান, সাধারণ সম্পাদক আমীন উদ্দীন, বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. খোরশেদ আলম, আহত ব্যবসায়ী আমির হোসেন লিটন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর, যুবনেতা দেলোয়ার হোসেন, হামলায় আহত আহম্মদ আলী মুন্সী, বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ব্যাপারী, ব্যবসায়ী খলিলুর রহমান, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মুন্সী, আবুল হোসেন ও শিক্ষক আব্দুর রহমান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলায় জড়িতরা চিহ্নিত সন্ত্রাসী। কিন্তু এখনও তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বক্তারা জানান, গত ২৭ অক্টোবর দুপুরে রাজবাড়ী জেলা শহরের পন্না চত্বরে অটোরিকশায় থাকা ব্যবসায়ী আমির হোসেন লিটনসহ দু’জনকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে লিটনের হাতে গুলি লাগে। পরে তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং অবস্থার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর