Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনা ‘ভয়ঙ্কর অপরাধী’: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৯

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভয়ঙ্কর অপরাধী’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ তাকে ফেরত চায়। তাকে ফেরত দেওয়ার বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সম্মেলনকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের একজন দণ্ডপ্রাপ্ত ভয়ঙ্কর আসামি ভারতে আছেন। আমরা তাকে ফেরত চাই। এটা আমাদের দ্বিপক্ষীয় ব্যাপার এবং আমরা সে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তিনি খুন করেননি- উনি যেটা করেছেন, এটাকে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বলে। এটা একটা আলাদা মাত্রার অপরাধ। মানবতাবিরোধী বিচার ইন্টারন্যাশনাল কোর্টে করা যায়।’

শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন উল্লেখ করে ডা. জাহেদুর রহমান বলেন, ‘আমরা তাকে চাইছি এবং ভারতকে এটা হস্তান্তর করতে হবে।’

তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের সময়ও তিনি বিষয়টি জানিয়েছেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘যার সঙ্গেই দেখা করছি, বাংলাদেশের অস্বস্তির জায়গাটা ভারতকে জানাচ্ছি। আমি আশা করি, তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।’

মিথ্যা-অপতথ্য দিয়ে ন্যারেটিভ তৈরি অপরাধ

সরকারের বিরুদ্ধে মিথ্যা ও অপতথ্যের মাধ্যমে ন্যারেটিভ তৈরির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের সমালোচনা করার পূর্ণ সুযোগ থাকা উচিত। তবে সেই সমালোচনা হতে হবে যৌক্তিক ও সত্য তথ্যের ভিত্তিতে।

তিনি বলেন, ‘সরকারকে বিতর্কিত করা নিয়ে আমার আপত্তি নেই। আমরা একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক থাকতে চাই। সরকারের যে কাউকে, এমনকি প্রধানমন্ত্রীকেও বিতর্কিত করা যাবে, যদি আপনি জেনুইন গ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে কথা বলেন।’

ডা. জাহেদুর রহমান বলেন, ‘কোনো মন্ত্রী বা সরকারের অন্য কোনো ব্যক্তির সমালোচনা করা গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। সরকারের সমালোচনা ও গণমাধ্যমের সমালোচনা যদি যৌক্তিক ভিত্তির ওপর হয়, তাহলে তা সরকারকে সঠিক পথে আনতে সহায়তা করে। মিথ্যে বা অপতথ্য দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা আসলে একটা অপরাধ।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী নিজেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসরণ করেন এবং সংবাদ দেখে বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি কয়েকবার ফোন পেয়েছি। মিডিয়াতে অথবা সামাজিক মাধ্যমে কোনো নিউজ দেখে তিনি আমাকে কোনো একটা ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। শুধু আমার সঙ্গে হয়নি, বিভিন্ন দায়িত্বে যারা আছেন, তাদের সঙ্গেও হয়েছে।

অপতথ্য ছড়ানোর বিষয়ে একটি তথ্য তুলে ধরে তিনি বলেন, প্রথম মাসে ৪৬৪টি কনটেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে ১৫৭টি প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে।

তিনি বলেন, ‘আমরা চাই না এটা নিয়ে লিগ্যাল অ্যাকশনের মধ্যে যাওয়া হোক। আমরা সচেতনভাবে কাজটা করি। কিন্তু কোথাও না কোথাও যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, তাহলে সরকারের দেশের অবস্থা জনগণকে বোঝাতে এবং যেগুলো মিথ্যা ছিল সেগুলো তুলে ধরতে আমরা সেগুলোতে সাহায্য করতে পারবো।’

চ্যানেল ওয়ানের সাংবাদিকের পিআইডি কার্ড বাতিল

চ্যানেল ওয়ানের এক সাংবাদিকের পিআইডি কার্ড বাতিলের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, আগের সংবাদ সম্মেলনে বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন বললেও পরে তিনি ফলোআপ করতে পারেননি।

তিনি বলেন, ‘আমি বলেছিলাম তথ্যটা নেব। কিন্তু পরে আসলে ফলোআপ করা হয়নি।’

তবে কোনো সাংবাদিক কঠিন প্রশ্ন করায় তার পিআইডি কার্ড বাতিল করা হয়েছে- এমনটি তিনি মনে করেন না।

তিনি বলেন, আমার মনে হয় না কেউ কোনো প্রশ্ন করেছেন, টাফ প্রশ্ন করেছেন, সেটার জন্য বাতিল হচ্ছে। তারপরও আমি আবারও বলছি, আমি এ ব্যাপারে খোঁজ নিয়ে ভবিষ্যতে জানাব। সাংবাদিকদের সরকারের কাছে কঠিন প্রশ্ন করার সুযোগ রয়েছে। সম্প্রতি সাইবার সুরক্ষা আইন নিয়ে একটি গোলটেবিল বৈঠকে তাকে নিয়ে কঠোর সমালোচনা করা হয়েছে বলেও জানান তিনি।

চাঁদাবাজির অভিযোগে ব্যবস্থা নেবে সরকার

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের কাজ শুধু ন্যারেটিভ তৈরি করা নয়, অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সরকারের দায়িত্ব।

তিনি বলেন, ‘সরকারের কাজ কিন্তু শুধু ন্যারেটিভ তৈরি করা না। আপনি যেটা বলছেন, সেটা হলো যে অভিযোগগুলো আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

চাঁদাবাজির সঙ্গে কারা জড়িত এবং তাদের সঙ্গে কার কী ধরনের সংশ্লিষ্টতা রয়েছে- এ বিষয়ে সরকারের কাছে তথ্য থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে রূপপুরে প্রভাব পড়বে না

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারসংক্রান্ত চুক্তির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, তিনি এমন কোনো প্রভাবের আশঙ্কা করছেন না।

তিনি বলেন, বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ ও জ্বালানির নতুন যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য বাংলাদেশকে বিভিন্ন বিকল্প খোলা রাখতে হবে। বাংলাদেশ তার স্বার্থে যেখানে যেখানে প্রয়োজন, যার সঙ্গে প্রয়োজন এনগেজমেন্ট করবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের টানাপোড়েনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই দেশের মধ্যে সংকট থাকলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। প্রয়োজন অনুযায়ী ভারত, রাশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখবে।

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের বাধা

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম পরিবহনের একটি বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ ছিল কি না- এমন প্রশ্নও করেন সাংবাদিকরা।

জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ বিবেচনায় বিভিন্ন দেশের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখবে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ তার প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

আরো

সম্পর্কিত খবর