ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ ও মামলা রয়েছে। অথচ তাকে দেশে ফেরানো নিয়ে এমনভাবে আলোচনা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে বেড়াতে গেছেন এবং তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে।
তার আইনজীবীদের পাসপোর্ট, ভিসা এবং জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়টিকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, কোনো ফৌজদারি মামলার আসামি বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দেশে ফেরানোর প্রক্রিয়াটি সাধারণ প্রত্যাবর্তন নয়, বরং দুই দেশের আইনি প্রক্রিয়ায় ‘প্রত্যর্পণ’।
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির বিধিবিধান অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে চলমান বিচারিক কার্যক্রমের আওতায় আনার দাবি জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে রিজভী বলেন, আবু সাঈদ, আহনাফ, মুগ্ধ, ওয়াসিম আকরাম ও ফাইয়াজসহ শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিক মিলিয়ে প্রায় এক হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যাকে রাষ্ট্রীয় ব্যবস্থার অংশে পরিণত করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সর্বস্তরের মানুষের পাশাপাশি লন্ডন থেকে প্রযুক্তির মাধ্যমে নেতৃত্ব দিয়ে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, সিপাহী-জনতার বিপ্লব ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় জাগরণ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। এই চেতনার ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। বিগত সরকারের আমলে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে তার খাবারে বিষ মেশানো হয়েছিল বলেও অভিযোগ করেন রিজভী।
বক্তব্যের শেষ পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে বিগত ১৭ বছরের আন্দোলনে নারীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি এখন বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সামাজিক আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান রিজভী।
তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ এবং বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখার পরিকল্পনা নিয়েছেন, যা বাস্তবায়নে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।