Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৮

মো. মিজানুর রহমান – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীতে একটি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ডিবির গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে ক্যান্টনমেন্ট থানার মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সুব্রত দেবনাথ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার প্রাথমিক তদন্তে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, মামলার তদন্ত চলমান থাকায় মিজানুর রহমান জামিনে মুক্তি পেলে আত্মগোপনে যেতে পারেন এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানানো হয়।
অন্যদিকে মিজানুর রহমানের পক্ষে আইনজীবী শওকত হোসাইন জামিনের আবেদন করেন। তবে এ বিষয়ে শুনানির জন্য বুধবার (৩০ সেপ্টেম্বর) দিন ধার্য করেন আদালত। মিজানুর রহমানকে ওই পর্যন্ত কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় প্রায় ৫০ জনের একটি দল বেআইনিভাবে প্রবেশ করে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে সেখানে থাকা লোকজনের ওপর হামলা করে। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যাবল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইকুইপমেন্টসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। একই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।
খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর