ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ১২টি দেশ থেকে মোট ২৯ জন প্রবাসী বাংলাদেশি ভোটার ভোট দেবেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটাররা আবেদন করেন। প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ ৫ জন আবেদন করেছেন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া মালয়েশিয়া, যুক্তরাজ্য ও কানাডা থেকে ৪ জন করে এবং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া থেকে ২ জন করে নিবন্ধিত হয়েছেন। জার্মানি, ইতালি, পর্তুগাল ও অস্ট্রিয়া থেকে ১ জন করে ভোটার নিবন্ধিত হয়েছেন। এরই মধ্যে ‘বিডি পোস্ট’-এর মাধ্যমে তাদের বর্তমান ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হয়েছে।
অন্যদিকে, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা সরকারি কর্মচারীদের মধ্যে যারা দেশীয় পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের আবেদন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। এ পর্যন্ত দেশি ভোটারদের কাছ থেকে ১২৩টি আবেদন জমা পড়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর সকাল থেকে ঠাকুরগাঁও-১ আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ব্যালট যাচ্ছে ১২ দেশে
সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৪
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৪
সারাবাংলা/এনএল/এনজে