বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ় অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজ়নে যোগ দিয়ে নিজের মাতৃত্বের দীর্ঘ যাত্রা এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
শোতে তিনি জানান যে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগেই তার মা হওয়ার প্রবল ইচ্ছা ছিল এবং সেই সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তির শুক্রাণু বা স্পার্ম ডোনারের সাহায্য নিয়ে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তানধারণের চেষ্টা করেছিলেন তিনি। তবে পরপর দু’বার চিকিৎসা করানোর পরেও তিনি সফল হতে পারেননি।
শুরুতে মেয়ের এমন ব্যতিক্রমী ও সাহসী সিদ্ধান্তের কথা শুনে তার বাবা-মা কিছুটা অবাক হলেও পরবর্তীতে তারা সন্তানের ইচ্ছাকেই সম্মান জানান এবং পাশে দাঁড়ান। বাবা-মা তাকে সতর্ক করে বলেছিলেন যে ভারতের মতো সামাজিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হতে পারে, তবুও যদি তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন তবে তাদের পূর্ণ সমর্থন থাকবে। পরবর্তীতে অবশ্য ২০২৩ সালে রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা এবং সে বছরই সেপ্টেম্বরে তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়।