ঢাকা: ফেনীর উদ্দেশ্যে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী যাচ্ছেন। গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানী অতিক্রম করছে।’
ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে। ফলে ফেনীর সঙ্গে তারেক রহমানের পারিবারিক ও আবেগের সম্পর্ক রয়েছে।
ফেনী-১ আসনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের নির্বাচনী এলাকা। ১৯৯১ সাল থেকে তিনি এ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ কারণে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের কাছে আসনটি বিশেষভাবে স্মরণীয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মুখে এখনো শোনা যায়—‘নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা’।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মানি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।
নির্বাচনের পর প্রথম সফর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে ফেনীতে এটি তারেক রহমানের প্রথম সফর।
এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন তিনি।