ঢাকা: সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হয়রানি ও যথাসময়ে লাগেজ বুঝিয়ে না দেওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লেখা এক অভিযোগপত্রে তারা এই অভিযোগ করেন।
অভিযোগকারী সংসদ সদস্যরা হলেন- শেরপুর-১ আসনের এমপি রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের এমপি সালাউদ্দীন ও খুলনা-২ আসনের এমপি জাহাঙ্গীর হুসাইন হেলাল।
অভিযোগে সংসদ সদস্যরা দাবি করেন, BG 338 (মদিনা-ঢাকা) যোগে তারা চার জনসহ জামায়াতের ৩৫ জন সংসদ সদস্য ঢাকায় আসেন। কিন্তু বিমান অবতরণের তিন ঘণ্টা পরও তাদের ট্যাগযুক্ত পানির লাগেজ বুঝিয়ে দেওয়া হয়নি। কেন দেরি হচ্ছে জানতে চাইলে যৌক্তিক কোনো কারণও বলতে পারেনি বিমান কর্তৃপক্ষ। একইসঙ্গে ওই বিমানে যাত্রী হয়রানি ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করে আগামী ৪ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ বিমানকে কারণ দর্শাতেও বলেন এই সংসদ সদস্যরা।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিষয়ে বিভাগী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। লাগেজ না পাওয়া যাত্রীদের সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলেছেন। যারা লাগেজ বুঝে পাননি তাদের লাগেজ বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।’