চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুশীল চাকমার নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ১৮৭/১০-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা এসব মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ টাকা। এ ঘটনায় জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।