জামালপুর: ময়মনসিংহের জামালপুরে একই উপজেলার সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
শনিবার সকাল ৯টায় মিনালের বাবার বাড়ি ঘোড়াকান্দা গ্রামে মর্জিনা ও মিনালের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের সেখানকার কবরস্থানে দাফন করা হয়। একই দিন সকাল ১০টায় ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু ও তার মা রাশিদা বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। পাশাপাশি সময়ে বাকি তিনজনের মরদেহ দাফন করা হয়।
এর আগে, শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ জামালপুরের সাতজন নিহত হন।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন লেবু (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫), অটোরিকশার চালক জামালপুর সদরের বীর গোবিন্দপুর গ্রামের মো. সুজন আলী (৪৪), জামালপুর সদর উপজেলার বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯) রয়েছেন।
একসঙ্গে একই পরিবারের চার সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। ভাটিপাড়া গ্রামে পাশাপাশি চারটি খাটিয়া ও চারটি কবর ঘিরে কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন শোক প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা কীভাবে রোধ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি তাদের সহযোগিতায় এগিয়ে আসার আশ্বাস দেন তিনি।