Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওসমান গাজী ও ওরহান গাজী / উসমানীয় সাম্রাজ্যের ২ প্রতিষ্ঠাতা শাসিত আছেন বুরসায়

তুরস্কের বুরশা থেকে মো. মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৩৪

উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর সমাধি সৌধ। ছবি: ইন্টারনেট

তুরস্ক: তুরস্কের বুরসা শহর শুধু প্রাকৃতিক সৌন্দর্য কিংবা ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত নয়, এটি উসমানীয় সাম্রাজ্যের জন্ম ও বিকাশেরও এক গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত স্থান। শহরের তোপহানে অবস্থিত পাশাপাশি দুটি ঐতিহাসিক সমাধিতে শায়িত আছেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী এবং তার পুত্র ও দ্বিতীয় শাসক ওরহান গাজী। তাদের সমাধি শুধু দুটি কবর নয়, বরং প্রায় ছয় শতাব্দী ধরে তিন মহাদেশে বিস্তৃত একটি সাম্রাজ্যের সূচনার স্মারক।

উসমানীয় সাম্রাজ্যের নামকরণ

উসমানীয় সাম্রাজ্যের ইংরেজি নাম Ottoman Empire। সাম্রাজ্যটির প্রতিষ্ঠাতা ওসমান গাজীর (Osman I) নাম থেকেই এই নামের উৎপত্তি। তুর্কি ভাষায় তার নাম Osman। ইউরোপীয় ভাষায় এই নামের রূপান্তর ঘটে Ottoman হিসেবে। ফলে তার প্রতিষ্ঠিত রাজবংশ পরিচিতি পায় Ottoman Dynasty এবং সাম্রাজ্যটি Ottoman Empire নামে। বাংলায় একে উসমানীয় সাম্রাজ্য বা ওসমানী সাম্রাজ্য বলা হয়। অর্থাৎ অটোমান, উসমানীয় ও ওসমানী—তিনটি নামই একই সাম্রাজ্যকে নির্দেশ করে।

বিজ্ঞাপন

উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী

ওসমান গাজীর জন্ম আনুমানিক ১২৫৮ সালে। তার বাবা ছিলেন কাই গোত্রের নেতা এরতুগরুল গাজী। আনাতোলিয়া অঞ্চলে সেলজুক সাম্রাজ্যের প্রভাব দুর্বল হয়ে পড়ার সময় বিভিন্ন তুর্কি গোত্র নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছিল। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ওসমান গাজী নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। তিনি আনুমানিক ১২৯৯ সালে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন বলে প্রচলিতভাবে উসমানীয় রাষ্ট্রের সূচনাবর্ষ ধরা হয়। যদিও ইতিহাসবিদদের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট সময় নিয়ে মতভেদ রয়েছে।

ওসমান গাজী সামরিক দক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা এবং কৌশলী নেতৃত্বের মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নিজের কর্তৃত্ব বিস্তার করেন। তার নেতৃত্বে একটি ছোট তুর্কি বেইলিক বা আঞ্চলিক শাসনব্যবস্থা ধীরে ধীরে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার ভিত্তি তৈরি করে।

তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি ছিল বুরসা বিজয়। দীর্ঘ অবরোধের পর ১৩২৬ সালে বুরসা উসমানীয়দের নিয়ন্ত্রণে আসে। তবে বিজয়ের আগেই ওসমান গাজীর মৃত্যু হয় বলে অধিকাংশ ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। তার ইচ্ছা অনুযায়ী তাকে বুরসায় সমাহিত করা হয়।

যেভাবে ছোট রাষ্ট্রকে শক্তিশালী সাম্রাজ্যের পথে নিয়ে যান ওরহান গাজী

ওসমান গাজীর মৃত্যুর পর তার পুত্র ওরহান গাজী শাসনভার গ্রহণ করেন। তার শাসনকাল ছিল আনুমানিক ১৩২৪ থেকে ১৩৬২ সাল পর্যন্ত। বাবার সামরিক অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তিনি রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক কাঠামো এবং সামরিক সংগঠনকে আরও শক্তিশালী করেন।

১৩২৬ সালে বুরসা বিজয়ের পর শহরটি উসমানীয় রাষ্ট্রের প্রথম গুরুত্বপূর্ণ রাজধানীতে পরিণত হয়। ওরহান গাজী এখানে প্রশাসনিক ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন। মসজিদ, মাদরাসা, বাজার এবং অন্যান্য জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণের মাধ্যমে বুরসাকে একটি গুরুত্বপূর্ণ নগরীতে রূপ দেন।

তার শাসনামলে উসমানীয়রা আনতালিয়ার আরও বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ১৩৫৪ সালে গ্যালিপোলি অঞ্চলে উসমানীয়দের প্রবেশ ইউরোপে তাদের বিস্তারের নতুন দরজা খুলে দেয়। এর মধ্য দিয়ে বলকান অঞ্চলে পরবর্তী সাম্রাজ্য বিস্তারের পথ তৈরি হয়।

ওরহান গাজী শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রসংগঠকও। তার সময়েই উসমানীয় প্রশাসন ও সামরিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও সুদৃঢ় হয়।

ইতিহাসের নীরব সাক্ষী ‘বুরসার সমাধি’

বুরসার তোপহানে পাশাপাশি অবস্থিত ওসমান গাজী ও ওরহান গাজীর সমাধি তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দর্শনীয় স্থান। সমাধি দুটির বর্তমান স্থাপত্য মূল নির্মাণের মতো সম্পূর্ণ অক্ষত নয়। ১৮৫৫ সালের ভয়াবহ ভূমিকম্পে বুরসার বহু ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরে উসমানীয় সুলতান আবদুল মজিদের উদ্যোগে সমাধিগুলো পুনর্নির্মাণ করা হয়।

ওসমান গাজীর সমাধির ভেতরে তার স্মৃতিবাহী কবরের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের কবরও রয়েছে। অন্যদিকে ওরহান গাজীর সমাধি একটি প্রাচীন বাইজেন্টাইন স্থাপনার ভিত্তির ওপর নির্মিত। এই দুই সমাধি যেন তুরস্কের ইতিহাসে বাইজেন্টাইন যুগের অবসান এবং উসমানীয় শক্তির উত্থানের ধারাবাহিকতাকেও তুলে ধরে।

সমাধি এলাকায় দাড়ালে একদিকে বুরসা শহরের বিস্তৃত দৃশ্য, অন্যদিকে উসমানীয় ইতিহাসের স্মৃতিচিহ্ন চোখে পড়ে। এখানে প্রতিদিন দেশি-বিদেশি পর্যটক, ইতিহাসপ্রেমী ও গবেষকদের সমাগম ঘটে।

ছয় শতাব্দীর সাম্রাজ্যের উত্তরাধিকার

ওসমান গাজী ও ওরহান গাজীর হাত ধরে যে রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল, পরবর্তী সময়ে তা বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। ১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল বিজয় করেন। পরবর্তী সময়ে সুলতান সেলিম প্রথম ও সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে সাম্রাজ্যের বিস্তার ও প্রতিপত্তি আরও বৃদ্ধি পায়।

ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে প্রায় ৬০০ বছর উসমানীয় সাম্রাজ্যের শাসন বজায় ছিল। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর সাম্রাজ্যের অবসান ঘটে। ১৯২২ সালে উসমানীয় সালতানাত বিলুপ্ত হয়। এরপর ১৯২৩ সালে মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র।

আজকের তুরস্কের জাতীয় ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যে উসমানীয় সাম্রাজ্যের গভীর প্রভাব রয়েছে। আর বুরসার তোপহানে ওসমান গাজী ও ওরহান গাজীর সমাধি সেই দীর্ঘ ইতিহাসের সূচনাপর্বের কথা স্মরণ করিয়ে দেয়।

দুটি সমাধির সামনে দাড়ালে উপলব্ধি করা যায়, ইতিহাসের বড় সাম্রাজ্য সবসময় বিশাল কোনো নগরী কিংবা শক্তিশালী সেনাবাহিনী দিয়ে শুরু হয় না। কখনো কখনো একটি ছোট গোত্রের নেতৃত্ব, দূরদর্শিতা ও রাষ্ট্র গঠনের স্বপ্নই কয়েক শতাব্দীর ইতিহাসের ভিত্তি তৈরি করে। ওসমান গাজী ও ওরহান গাজীর জীবন ও উত্তরাধিকার তারই এক অনন্য উদাহরণ।

বিজ্ঞাপন

খুলনায় বিএনপির ব্যানারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৩৩

আরো

সম্পর্কিত খবর