পাবনা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সড়কপথে এই চালান রুপপুর প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে।
জানা যায়, রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো বিমান গত সপ্তাহে বাংলাদেশে আসার কথা থাকলেও নির্ধারিত রুটে প্রয়োজনীয় আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি স্থগিত করা হয়।
পরে নতুন সূচি নির্ধারণ করে জ্বালানি পরিবহনের উদ্যোগ নেওয়ায় শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ শনিবার সকালে সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সড়কপথে ঢাকা থেকে ইউরেনিয়ামের চালান রুপপুরে পৌঁছায়।
ইউরেনিয়ামের চালান সড়কপথে আনার জন্য পুরো মহাসড়ক যানবাহনমুক্ত রাখা হয়। দুপুর ১২টা ২০ মিনিটে চারটি কাভার্ডভ্যানে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পরিবহন করা হয়।
পাবনার ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ইউরেনিয়ামের চালান নির্বিঘ্নে রূপপুরে পৌঁছানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং পদক্ষেপ নেওয়া হয়।
তিনি জানান, এসময় মহাসড়কে পুলিশের পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের সাথে সেনাবাহিনী এসআরবি-সহ অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করে।
উল্লেখ্য, ২০২৩ সালের রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম প্রকল্পে পৌঁছায়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের ফার্স্ট ফুয়েল লোডিং সম্পন্ন হয়। চলতি বছরের ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিট থেকে কিছু পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার সম্ভব হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটো ইউনিট পরিপূর্ণভাবে চালু হলে এখান থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানান তারা।