ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই স্পিকার সংসদকে এই তথ্য জানান।
অধিবেশনে স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনি এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি গত ১৫ নভেম্বর স্পিকারের হাতে পৌঁছায় এবং সেটি বিধিসম্মত হওয়ায় তিনি তা গ্রহণ করেছেন।
সংবিধানের বিধান উল্লেখ করে স্পিকার আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। সংবিধানের ওই অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো।
উল্লেখ্য, ড. মোহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান। যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং পরবর্তীতে বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে দেশের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার এই পদত্যাগের পর ইতিমধ্যে সংসদ সচিবালয় থেকে আসনটি শূন্য ঘোষণা করে গেজেটও প্রকাশ করা হয়েছে।