ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯.৩৪ কেজি সোনা (৮০টি সোনার বার) উদ্ধার এবং তাদের আটক করেছে কাস্টমস গোয়েন্দা।
রোববার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় দুবাই থেকে আগত Emirates Airlines-এর EK0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ৯.৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
সিআইআইডি জানিয়েছে, বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের অভিনব কৌশলের সাথে কারা জড়িত, কোথা থেকে এলো এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।