Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৫:০৯

নাটোর: নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৪ অক্টোবর) সকাল দশটার দিকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নানা অনিয়মের চিত্র তুলে ধরে এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রশাসনিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতার চরম ঘাটতি রয়েছে। বিশেষ করে আর্থিক লেনদেনে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র অসন্তোষ বিরাজ করছিল।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীরা আরও জানায়, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সব ধরনের আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দিতে থাকে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে শিক্ষার্থীদের আনা অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিরপেক্ষ তদন্তের পরই আসল ঘটনা স্পষ্ট হবে।

এদিকে, বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও সচেতন অভিভাবক মহল।