ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ঋণের নামে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় আরও ১৬ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ভিশন ট্রেডিং নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র তৈরি করে ইউসিবিএলের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ঋণের অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর, নগদে উত্তোলন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদকের তদন্তে জানা যায়, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিংয়ের মালিক হিসেবে দেখানো হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরবর্তী সময়ে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির কথা উল্লেখ করে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকা ঋণের আবেদন করা হয়।
ঋণের বিপরীতে প্রতিষ্ঠানের মজুতপণ্য, ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদামসংক্রান্ত তথ্য দেওয়া হলেও সেসব নথিতে অসংগতি ছিল বলে তদন্তে উঠে আসে। ব্যাংকের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটি ঋণ প্রস্তাবের বিষয়ে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। এরপরও ২০২০ সালের ১২ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় ঋণটি অনুমোদন করা হয়।
পরে পে-অর্ডারের মাধ্যমে ঋণের অর্থ আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। তদন্তে এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো ব্যক্তিদের সঙ্গে আরামিট গ্রুপের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য উঠে আসে।
এ ঘটনায় গত বছরের ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, তার ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়।
মামলার শুরুতে আসামি ছিলেন ৩১ জন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করা হয়। ফলে মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে সাক্ষী করা হয় ৯২ জনকে। পরে ১১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৫ এপ্রিল থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারিক কার্যক্রমে মোট ৫৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
গত ১৮ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য পরদিন দিন ধার্য করেন। বৃহস্পতিবার রায় ঘোষণার মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমের এ পর্যায় শেষ হয়। রায়ে ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।