Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১২:১১

পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় গ্রেফতার রুবেল

চট্টগ্রাম: জেলায় পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হালিশহর থানা-পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গাড়িটি চুরির পর সন্ধ্যায় কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুবেল কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর ইউনিয়নের শামছুল আলমের ছেলে। তিনি ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকার আউলিয়া জামে মসজিদ গলির রজব আলীর ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ এর (দিবা) দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্সের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি টহল গাড়িটি রেখে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তারা গাড়িটি আর সেখানে পাননি। আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান না পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন।

বিজ্ঞাপন

ফুটেজে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যাচ্ছে। উদ্ধার করা গাড়িটি নীল রঙের টাটা ব্র্যান্ডের সিঙ্গেল কেবিন পিকআপ। গাড়িটির নম্বর সিএমপি-১৮০।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, ‘গাড়ি চুরির ঘটনায় পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা হয়। নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল। পরে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত রুবেলকে দেওয়ানহাট মোড় এলাকা থেকে হালিশহর থানা পুলিশ গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর