জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ ৩১-এ অংশগ্রহণ করে বাংলাদেশের মাঠপর্যায়ের পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরেছেন উন্নয়ন ও সামাজিক প্রভাব খাতের পেশাজীবী সাইফুল ইসলাম।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি বিভিন্ন পূর্ণাঙ্গ অধিবেশন উচ্চপর্যায়ের আলোচনা পার্শ্ব-আয়োজন জলবায়ু ন্যায্যতাবিষয়ক প্রতিবাদ কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সম্মেলনের বিভিন্ন আলোচনায় শূন্য বর্জ্য ব্যবস্থাপনা (জিরো ওয়েস্ট), প্লাস্টিক দূষণ, বৃত্তাকার অর্থনীতি (সার্কূলার ইকোনোমি), কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু ন্যায্যতা বিষয়গুলো গুরুত্ব পায়। এসব আলোচনায় বাংলাদেশের স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও জনগণের অংশগ্রহণভিত্তিক পরিবেশবান্ধব উদ্যোগের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেন তিনি।
বিশেষভাবে তিনি বাংলাদেশের বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘প্লাস্টিকের বিনিময়ে খাদ্য’ উদ্যোগের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেন। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনিময়ে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারেন। এর ফলে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারে উৎসাহিত হওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের খাদ্যসহায়তার সুযোগ তৈরি হচ্ছে।
এই উদ্যোগ পরিবেশ সুরক্ষা, সামাজিক সহায়তা এবং বৃত্তাকার অর্থনীতির ধারণাকে একই কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়নের একটি উদাহরণ। সাইফুল ইসলাম মনে করেন, এ ধরনের স্থানীয় উদ্যোগ আন্তর্জাতিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কার্যকর মডেল হতে পারে।
কপ৩১-এ অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে সাইফুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা শুধু বৈশ্বিক প্রতিশ্রুতি বা নীতিনির্ধারণের বিষয় নয়; এর কার্যকর সমাধানের জন্য প্রয়োজন স্থানীয় পর্যায়ে বাস্তব উদ্যোগ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ।’
তিনি আরও বলেন, ‘প্লাস্টিকের বিনিময়ে খাদ্য-এর মতো উদ্যোগের মাধ্যমে আমরা দেখাতে পারি, পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়ন একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশের মাঠপর্যায়ের এসব অভিজ্ঞতা আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।’
সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি, জলবায়ু কর্মী, উন্নয়ন সংস্থা এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও হয়েছে তার। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের জলবায়ু কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি বাংলাদেশের স্থানীয় উদ্যোগগুলোকে বৈশ্বিক আলোচনার সঙ্গে যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি আরও মনে করেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য জলবায়ু অভিযোজন, জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাস এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে স্থানীয় অভিজ্ঞতা ও জনগণের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।