Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপিপুত্র রাজিবসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ২৮ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৬:১৪ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬ ১৭:৪৮

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজন নিহতের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিবসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৮ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার (৪ অক্টোবর) প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান, সহিদুল ইসলাম সরদার, মামুনুর রশিদসহ অন্যরা।

বিজ্ঞাপন

শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, এ মামলায় রোববার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। একই ঘটনায় ট্রাইব্যুনালের দুটি বেঞ্চে পৃথক দুটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এরই মধ্যে দুটিই আমলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, পৃথক দুই অভিযোগে মোট ১২ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন গ্রেফতার রয়েছেন। তাই মামলা দুটি একত্র করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করার জন্য সময় প্রয়োজন। পরে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আগামী ২৮ অক্টোবর শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

রোববার সকালে পৃথক দুই মামলায় গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- তানজির আহমেদ রাজিব, গৌরীপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সানাউল, শাহাবুল আলম ও জোসেফ উদ্দিন জজ। মামলার অপর ছয় আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহাও রয়েছেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে ছাত্র-জনতার ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার নেতৃত্বে ওই হামলা চালানো হয়। এতে পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে প্রসিকিউশনের অভিযোগ। হামলায় গুলিবিদ্ধ হয়ে বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের নিহত হন।

এই ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক দুটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একটি অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনকে এবং অপর অভিযোগে সাবেক এমপিপুত্র তানজির আহমেদ রাজিবসহ তিনজনকে আসামি করা হয়েছে।

দুটি মামলার অভিযোগ একত্র করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্যই এবার ২৮ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর