Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১০:১৯

ঢাকা: শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের লক্ষ্যে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল ২০২৬’। গত ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তঃস্কুল প্রযুক্তি উৎসবে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে এই কার্নিভালের। পরে গতকাল শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তঃস্কুল প্রযুক্তি উৎসবে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথি, শিক্ষাবিদ, প্রযুক্তিপ্রেমী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিন দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রযুক্তিনির্ভর বেশ কিছু আকর্ষণীয় প্রতিযোগিতা। যার মধ্যে উল্লেখযোগ্য- এআই প্রম্পটিং, লাইন ড্রোন, সুইফট টাইপ ব্লিটজ, ড্রোন কম্পিটিশন এবং টেক মিমস প্রতিযোগিতা। প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত জ্ঞান, দ্রুত চিন্তাশক্তি, দলগত দক্ষতা ও সমালোচনামূলক চিন্তার অনন্য স্বাক্ষর রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল দক্ষতার বিকল্প নেই। তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, অনেক স্কুলেই এখনো এ ধরনের টেক কার্নিভালের আয়োজন করা হয় না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে এসব আয়োজন অপরিহার্য।

তিনি করেন, এসজেআইএস-এর শিক্ষার্থীরা ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছে। বিশ্বমঞ্চে আমাদের শিক্ষার্থীরা যেন আরও এগিয়ে যেতে পারে, সে জন্য ভবিষ্যতেও স্কুল কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

আয়োজনের সফলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন কার্নিভালের চিফ মডারেটর স্নিগ্ধা কণা পাল বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ আমাদের মুগ্ধ করেছে। এ ধরনের প্ল্যাটফর্ম কেবল প্রতিযোগিতা নয়, বরং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক চমৎকার সুযোগ তৈরি করে।

কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কর্পোরেট ট্রেইনার ও এইচআর হেডহান্টার ডন সামদানি এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (এইএফসি) এর অপারেশন অফিসার (এশিয়া প্যাসিফিক, ইনফ্রাস্ট্রাকচার বিভাগ) সায়েফ তানজিম কাইয়ুম। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সাদিয়া শারমিন।