সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে দর্শনীয় স্থানে ঘোরাঘুরি ও আড্ডা দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কয়েকজন শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ ও সতর্ক করার পর তাদের অভিভাবকদের কাছে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে শহরের চরমালশাপাড়া এলাকায় যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, ক্রসবার-৩ সিরাজগঞ্জ শহরের অন্যতম দর্শনীয় স্থান। বিস্তীর্ণ এলাকায় সাদা কাশফুল ফুটে থাকায় প্রতিদিনই সেখানে বিভিন্ন বয়সি মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন। তবে সম্প্রতি স্কুল-কলেজের পোশাক পরা কিছু শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সেখানে দীর্ঘ সময় আড্ডা দিচ্ছেন। তাদের মধ্যে অনেকেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।
এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় কয়েকজন শিক্ষার্থীকে ক্লাসে না গিয়ে ক্রসবার এলাকায় অবস্থান ও আড্ডা দিতে দেখা যায়। পরে পুলিশ তাদের পরিচয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে জানতে চায়। এ সময় শিক্ষার্থীদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে ভবিষ্যতে ক্লাস ফাঁকি দিয়ে এমন স্থানে না আসার নির্দেশ দেওয়া হয়। পরে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।