খুলনা: খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে এক অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মকর্তা যশোর জেলার অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেয়ের সঙ্গে দেখা করতে সোমবার দুপুরে মোটরসাইকেলে খুলনায় আসেন ফজলুর। সন্ধ্যার পর বাড়ির উদ্দেশে ফেরার পথে খানজাহান আলী থানার গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের নিচে চলে যান তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।