বরিশাল: জেলায় ১০তলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ তলা থেকে নাজমুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল নগরের কাশীপুর এলাকার এনামুল হকের ছেলে।
আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শব্দ পেয়ে তারা উৎস খুঁজতে গিয়ে দেখেন এক ব্যক্তি নিচে পড়ে আছে। তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে কিভাবে পড়লো তা নিশ্চিত নন তারা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাজমুল নামের ওই ব্যক্তি কেন আদালতে এসেছিলেন এবং কীভাবে তিনি নিচে পড়লেন সে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।