Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যক্তিগত ভ্রমণে মানি চেঞ্জার থেকে একবারে নেওয়া যাবে ৩ হাজার ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১৫:১৫ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬ ১৬:৫২

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঢাকা: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ব্যক্তিগত ভ্রমণ কোটা বা ‘প্রাইভেট ট্রাভেল এনটাইটেলমেন্ট’-এর বিপরীতে লাইসেন্সধারী মানি চেঞ্জার থেকে একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার নিতে পারবেন বাংলাদেশি নাগরিকেরা। এতদিন এই সীমা ছিল দুই হাজার ডলার।

বৃহস্পতিবার(৮ অ‌ক্টোবার) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২-এর পরিচালক মুনিরা ইসলাম এতে সই করেছেন। এতে সব লাইসেন্সধারী মানি চেঞ্জার ও বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলারদের বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ নভেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর-৩১ অনুযায়ী, লাইসেন্সধারী মানি চেঞ্জারগুলো বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে সর্বোচ্চ দুই হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রার নোট ও কয়েন বিক্রি করতে পারত।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন একজন বিদেশগামী বাংলাদেশি নাগরিকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সধারী মানি চেঞ্জার একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার সমপরিমাণ নোট ও কয়েন বিক্রি করতে পারবে।

তবে কোনো গ্রাহকের প্রাপ্য ভ্রমণ কোটার বাকি অংশ থাকলে তা অন্য অবাধে রূপান্তরযোগ্য বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার নোট ও কয়েনে দেওয়া যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকের অবশিষ্ট ভ্রমণ কোটার পরিমাণ এবং ওই মুদ্রার প্রাপ্যতা বিবেচনা করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ বিষয়ে লাইসেন্সধারী মানি চেঞ্জারগুলোর জন্য প্রযোজ্য অন্যান্য বিধিবিধান অপরিবর্তিত থাকবে। সার্কুলারে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি জানাতে হবে মানি চেঞ্জারগুলোকে।