যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁর জন্য এই মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত।
ক্রিস্টেনসেন বলেন, ‘আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস এখন ঢাকার খাবার টেবিলে। বিশ্বসেরা গরুর মাংসের গুণই তার পরিচয় তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।
তিনি আরও বলেন, ‘শুরুটা হতে পারে সহজ একটি পদক্ষেপ দিয়ে: হোটেল ও রেস্তোরাঁয় এই মাংস আমদানির অনুমতি দেওয়া হোক।
রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে।