Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুবলার চরে শুরু হলো শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ০৮:৩৭

দুবলার চরে শুরু হয়েছে রাস উৎসব।

বাগেরহাট: সুন্দরবনের দুবলার চরে মন্দিরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূজা-অর্চনা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটায় পূজা উদযাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে অস্থায়ী মন্দিরের চাবি হস্তান্তর করলে মূল পূজার কার্যক্রম শুরু হয়।

চাবি হস্তান্তরের পরপরই দুবলার চরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে ভক্ত ও পুণ্যার্থীদের উপস্থিতিতে ধর্মীয় আচার ও পূজা-অর্চনা শুরু হয়েছে। সারারাত ধরে চলবে এই পূজা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী উৎসবের সমাপ্তি ঘটবে।

বিজ্ঞাপন

প্রায় শতাব্দী ধরে চলে আসা এই রাস পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক ধর্মীয় আবেগ ও বিশ্বাস কাজ করে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, স্বয়ং শ্রীকৃষ্ণ এই দুবলার চরে এসে রাস পূজার যাত্রা শুরু করেছিলেন। সেই বিশ্বাস ও ঐতিহ্যকে ধারণ করে প্রতি বছর কার্তিক-অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থী পাপ মোচন ও মনোবাসনা পূরণের আশায় এখানে সমবেত হন।

উৎসব প্রসঙ্গে দুবলার চর রাস পূজা উদযাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির কারণে নানা সমস্যায় পড়তে হয়েছে এবং পূজার প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে। পূজা দিতে আসা মানুষের সংখ্যা কিছুটা কম হলেও উৎসবমুখর পরিবেশে প্রচুর দর্শনার্থী ও লোকসমাগম হয়েছে।

এদিকে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষ্যে সুন্দরবন ও দুবলার চর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার বিকেলে দুবলার চরে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ জানান, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ এবং নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহলদল মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক টহল কার্যক্রমের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী শিকার রোধে বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে।

উৎসব চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর