রাজশাহী: উত্তরবঙ্গের কোটি মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল আজ নিজেই গভীর সংকটে জর্জরিত। ১৯৫৮ সালে মাত্র ৫৩০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি প্রশাসনিকভাবে বর্তমানে ১ হাজার ৩০০ শয্যায় উন্নীত হলেও প্রায় পাঁচ হাজারেরও বেশি রোগীর রূঢ় বাস্তবতায় তা চরম অমানবিক ও নাজুক পরিস্থিতির শিকার। বলতে গেলে রামেক হাসপাতালই এখন চরম অসুস্থ হয়ে পড়েছে। তারই অবকাঠামোগত জরুরি চিকিৎসা প্রয়োজন।
হাসপাতালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল সাড়ে তিন হাজারের কাছাকাছি, যা ১ হাজার ৩০০ শয্যার বিপরীতে প্রায় ২৮০ শতাংশ। শয্যা সংকটের কারণে ফ্লোরে ও করিডোরে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন দুই হাজারেরও বেশি রোগী। এর বাইরে বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫ হাজার ৮০০ রোগী সেবা নিতে আসেন। রাজশাহী জেলার গণ্ডি পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও বগুড়াসহ অন্তত ১৬-১৭টি জেলার ৮০ শতাংশের বেশি রোগী সরাসরি এই হাসপাতালে ছুটে আসায় ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে।
এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য জনবল কাঠামোতেও রয়েছে আকাশ-পাতাল ব্যবধান। ৫৩০ শয্যার প্রাচীন অর্গানোগ্রাম দিয়েই পরিচালিত হচ্ছে ১ হাজার ৩০০ শয্যার এই হাসপাতাল। অনুমোদিত ২ হাজার ১৬৮টি পদের বিপরীতে কর্মরত আছেন ১ হাজার ৪৪৮ জন। এখনও শূন্য পদের সংখ্যা ৩২০টি। এর মধ্যে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর ঘাটতি সবচেয়ে তীব্র, যা সামগ্রিক সেবা ব্যবস্থাপনাকে পঙ্গু করে দিচ্ছে।
হাসপাতালে সেবা নিতে এসে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে হাজেরা খাতুন সারাবাংলাকে বলেন, ‘বাড়ি থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে মনে হচ্ছে, ভোগান্তির যেন শেষ নেই। ঠিকমতো ডাক্তার দেখাতে পারছি না। এখানে সুনির্দিষ্ট কোনো সিরিয়ালের ব্যবস্থাও নেই। যাদের পরিচিতি বা লবিং আছে, তারাই ভালো সেবা পাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন না। দূর-দূরান্ত থেকে মানুষ চিকিৎসা নিতে আসেন, অথচ হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারীর ব্যবহার এতটাই খারাপ যে তাদের সঙ্গে কথা বলাও কঠিন। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বাড়ছে।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা রোগী মাইনুল ইসলাম সারাবাংলার এই প্রতিবেদককে বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল একটি বিভাগীয় পর্যায়ের বড় হাসপাতাল। কিন্তু এখানে চিকিৎসক থেকে শুরু করে নার্স, কেউই রোগীদের যথাযথ গুরুত্ব দিয়ে দেখছেন না। নার্সদের ডাকলে তারা বিরক্তি প্রকাশ করেন। কোনো বিষয় বুঝতে না পেরে দ্বিতীয়বার জানতে চাইলে রেগে যান। চিকিৎসা নিতে এসে দুই-তিন দিন ধরে বসে আছি, কিন্তু ঠিকমতো সেবা পাচ্ছি না।’
তিনি বলেন, ‘আউটডোরের অবস্থা আরও খারাপ। সেখানে চিকিৎসা নেওয়ার জন্য অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু দিন শেষে অনেকেই চিকিৎসা না পেয়ে ফিরে যান। চিকিৎসকরা একের পর এক রোগী দেখতে গিয়ে বিরক্ত হয়ে পড়েন। তার পরও আমাদের এখানে আসতে হয়। কারণ আমরা নিম্ন আয়ের মানুষ, সামর্থ্য অনুযায়ী চিকিৎসা নেওয়ার জন্য এই হাসপাতালের ওপরই নির্ভর করতে হয়।’
রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ও ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা. শাহাদাত মাহমুদ তপু সারাবাংলাকে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিশ্রুতি সত্ত্বেও বাস্তবে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট এখনও বহাল। হাসপাতালের সরবরাহকৃত ওষুধের পরিমাণ বেড সংখ্যার তুলনায় অত্যন্ত কম। একটি ওয়ার্ডে ৫০ থেকে ৬০টি বেড থাকলেও ওষুধ বা প্রয়োজনীয় উপকরণের চালান আসে মাত্র ২০ থেকে ২৪ জনের জন্য, অথচ বাস্তবে রোগী ভর্তি থাকেন প্রায় ৩০০ জন। প্রশাসনিকভাবে এক হাজার থেকে বারশ’ রোগীর ওষুধ পাওয়া গেলেও হাসপাতালে দৈনিক চার থেকে পাঁচ হাজার রোগীর চিকিৎসা দেওয়া হয়। এতে প্রায় চার হাজার রোগীকে প্রয়োজনীয় সরকারি ওষুধ দেওয়া সম্ভব হয় না।’
তিনি আরও জানান, ক্ষত পরিষ্কার বা ড্রেসিংয়ের জন্য গ্লাভস, পভিডোন বা জরুরি ড্রাগ-স্যালাইনের মারাত্মক অভাব রয়েছে। রাত দুপুরে নিউরোসার্জারির মতো জটিল ও সংকটাপন্ন রোগী শকে চলে গেলেও হাসপাতালে তাৎক্ষণিক প্রয়োজনীয় ড্রাগ বা স্যালাইন পাওয়া যায় না। ফলে বাইরে থেকে ওষুধ কিনে আনতে আনতেই অনেক রোগী অনাকাঙ্ক্ষিতভাবে মারা যান।
অপারেশন থিয়েটার সংকট এবং রোগীর স্বজনদের উপচে পড়া ভিড়ের বিষয়ে ডা. তপু বলেন, ‘ওটি সংকটের কারণে সার্জারি বা গাইনি বিভাগে সপ্তাহে মাত্র চারদিন ওটি পরিচালিত হয় এবং বাকি দিনগুলোতে বিকল্প হিসেবে পেডিয়াট্রিক বা ইউরোলজির মতো অন্যান্য বিভাগের ওটি চালানো হয়। সপ্তাহের সাত দিনই সার্জারি ও গাইনি বিভাগে নিয়মিত ওটি চালু রাখতে পারলে রোগীদের দীর্ঘ অপেক্ষা কমে যেত। এর জন্য ওটি সংখ্যা ও মানসম্মত যন্ত্রপাতির জরুরি সংস্থান প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘১ হাজার ৩০০ বেডের প্রশাসনিক ক্ষমতার হাসপাতালে দৈনিক ৫ হাজার ভর্তি রোগী এবং প্রতি রোগীর সঙ্গে গড়ে ১০ জন করে স্বজন ঢুকলে এখানে প্রতিদিন প্রায় ৫৫ হাজার মানুষের সমাগম ঘটে। পর্যাপ্ত আনসার ও পুলিশি টহল না থাকায় (১৩৫ জন আনসার দিয়ে কাজ চালানো হচ্ছে যেখানে অন্তত ৩০০ জন প্রয়োজন) ইন্টার্ন চিকিৎসকরা পদে পদে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হাসপাতালের শয্যা সংখ্যা, সম্প্রসারণ পরিকল্পনা এবং জনবল কাঠামোগত অন্তরায়গুলো তুলে ধরে রামেকের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ সারাবাংলাকে বলেন, ‘বর্তমানে হাসপাতালটির প্রশাসনিক অনুমোদন রয়েছে ১ হাজার ৩০০ শয্যার, যদিও বাস্তবে চালু আছে ১ হাজার ২০০ শয্যা। এর বাইরে সম্প্রতি ১০০ শয্যার প্রশাসনিক অনুমোদন পাওয়া গেলেও সেগুলোর জনবল প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ৪০ শয্যার জেনারেল আইসিইউ এবং ৩ বা ৬ শয্যার সার্জিক্যাল আইসিইউ মিলিয়ে মোট ৪৩ শয্যা পুরোপুরি সচল রয়েছে। এ ছাড়া, অবস্টেট্রিক আইসিইউ এবং ক্যাজুয়ালটির ১৫ শয্যাসহ বাকি ৫৪টি শয্যার কাজও সম্পন্ন হওয়ার পথে। আশা করা যাচ্ছে, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই ১০০ শয্যার পূর্ণাঙ্গ ও কার্যকর অবস্থান দৃশ্যমান হবে।’
অনুষদভিত্তিক চিকিৎসাসেবা ও কাঠামোগত বিন্যাসের কথা উল্লেখ করে ডা. শামীম বলেন, ‘ইন্টার্নাল মেডিসিন, সার্জারি এবং গাইনি বিভাগগুলো হলো এর মূল ভিত্তি। এসব বেসিক ডিপার্টমেন্টের অধীনে বর্তমানে হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অনকোলজি, সাইকিয়াট্রি, নিউরোলজি ও পেডিয়াট্রিকের মতো গুরুত্বপূর্ণ সাব-স্পেশালিটি শাখাগুলো পরিচালিত হচ্ছে। অন্যদিকে, সার্জারি অনুষদের আওতায় জেনারেল সার্জারির পাশাপাশি ইউরোলজি, ইএনটি, নিউরোসার্জারি, অর্থোপেডিক সার্জারি, বার্ন অ্যান্ড প্লাস্টিক এবং ক্যাজুয়ালটি বিভাগ অত্যন্ত দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছে।’
প্রশাসনিক সক্ষমতা ও প্রাচীন অর্গানোগ্রামের অন্তরায় নিয়ে তিনি বলেন, ‘৫৩০ শয্যার অনুমোদন নিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতালটি বিভিন্ন ধাপে উন্নীত হয়ে বর্তমানে ১ হাজার ৩০০ বেডে পৌঁছেছে। তবে কেবল প্রশাসনিক অনুমোদন বা কাগজ কলমে শয্যা বাড়লেও সেই অনুপাতে অর্থ বরাদ্দ বা নতুন জনবল সৃষ্টি করা হয়নি। ফলে চিকিৎসক, নার্স থেকে শুরু করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী বেশিরভাগ ক্ষেত্রেই সেই পুরনো ৫৩০ শয্যার প্রাচীন অর্গানোগ্রাম দিয়েই এত বড় একটি প্রতিষ্ঠান চালাতে হচ্ছে।’
সরকারের নীতিগত পরিকল্পনা ও সাম্প্রতিক প্রশাসনিক পদক্ষেপের কথা জানিয়ে ডা. শামীম আহমেদ উল্লেখ করেন, ‘বর্তমান সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫০ বেডে উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছে। এবারের জাতীয় স্বাস্থ্য বাজেটেও বরাদ্দ বাড়ানো হয়েছে। জনবলের ঘাটতি পূরণের সুনির্দিষ্ট প্রস্তাব পাঠালে মন্ত্রণালয় থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস পাওয়া গেছে। এ ছাড়া, হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনে দৈনিক মজুরি ভিত্তিক (ডেইলি লেবার) কর্মী নিয়োগের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়ার সুনির্দিষ্ট নির্দেশিকাও দেওয়া হয়েছে।’
অতিরিক্ত রোগীর চাপ ও সমন্বিত রেফারেল ব্যবস্থার অনুপস্থিতি প্রসঙ্গে ডা. শামীম আহমেদ বলেন, ‘১ হাজার ৩০০ শয্যার এই টারশিয়ারি লেভেলের হাসপাতালে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজারেরও বেশি রোগী ভর্তি থাকে। এমনকি রাজশাহীতে যদি এমন আরও তিনটি হাসপাতালও নির্মাণ করা হয়, তবুও ফ্লোরে রোগী থাকা বন্ধ করা সম্ভব হবে না।’
এর মূল কারণ হিসেবে আমি পর্যায়ে সঠিক রেফারেল সিস্টেমের অভাবকে দায়ী করেন তিনি। কারণ, রাজশাহী জেলার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এমনকি ঝিনাইদহ ও যশোরের মতো দূর-দূরান্তের ১৬-১৭টি জেলার রোগীরাও প্রাথমিক চিকিৎসা বা রেফারেল প্রোটোকল উপেক্ষা করে সরাসরি এই মেডিকেলে ছুটে আসছেন।