ঢাকা: রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫) বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৩নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশের রেললাইন ওপর দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি। এরপর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যায়।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আলভি হোসেন জানান, বিকেলে কোচিংয়ে যাওয়ার পথে খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশের রেললাইনে ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। এরপর তাকে পথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তি রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন হোসেন জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।