Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, দুর্ভোগে সুজানগরের হাজারো মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ০৯:৫৭

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ।

পাবনা: পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নে নির্মিত দুইটি ব্রিজ গ্রামবাসীর দুর্ভোগের কারণে পরিণত হয়েছে। নির্মিত ব্রিজের দুপাশের সংযোগ সড়ক এবং মাটি ভরাট সম্পূর্ণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ গুটিয়ে চলে যাওয়ায় জনগণের এই দুর্ভোগ।

সরজমিনে গিয়ে দেখা যায়, হাটখালী ইউনিয়নের স্বাগতা গ্রামে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় ১১ দশমিক ৫৮ মিটার দীর্ঘ দুটো ব্রিজ নির্মাণকাজ বাস্তবায়ন শুরু হয় ২০২২-২০২৩ অর্থ বছরে। গত তিন বছরেও কাজ শেষ হয়নি এই দুটি ব্রিজের।

স্বাগতা গ্রামের বাসিন্দা রানা হোসেন জানান, ব্রিজের কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা হয়েছে বহু আগেই। ফলে বিল অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য পরিবহণসহ জনগণের চলাচলে মারাত্মক দুর্ভোগ নেমে এসেছে। অবিলম্বে ব্রিজ দুটোর কাজ শেষ করার দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

একই গ্রামের বাসিন্দা সোহাগ মন্ডল জানান, যেভাবে ব্রিজ নির্মাণ করা হয়েছে সামান্য বৃষ্টি হলেই পানিতেই তলিয়ে যাবে, এতে নৌকা চলাচলে বাধাগ্রস্ত হবে । এই ব্রিজ নির্মাণে কোনো সুবিধা পাবে না সাধারণ মানুষ। দুর্ভোগ আরও বেশি হবে।

সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো দিয়ে ব্রিজে ওঠা নামা করছেন গ্রামবাসী।

এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম এবং সংশ্লিষ্ট কাজের বিষয়ে তথ্য জানতে বারবার সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসানের সঙ্গে সশরীরে এবং মুঠো ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানিয়েছেন, এখন বর্ষা মৌসুম চলছে। বর্ষার শেষে পানি নেমে যাওয়ার পরে ব্রিজগুলোর কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আর পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে তদন্ত করে এই ব্রিজগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

সরকারি অর্থায়নে জনগণের উন্নয়নের জন্য তৈরি করা প্রকল্পগুলোর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, তা জনদুর্ভোগের পাশাপাশি এ ধরনের অনিয়ম আরও বাড়াবে বলে সচেতন মহল ধারণা করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর