তুরস্ক: জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, অভিযোজন তহবিল ও জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিরোধে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কোনো নতুন প্রতিশ্রুতি ছাড়াই শেষ হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনটি নির্ধারিত সময়ের চেয়ে ৪৪ ঘণ্টারও বেশি সময় পার করে। তারপরও কোনো ঐকমত্যে পৌঁছতে পারেনি দেশগুলো। আর এ কারণে এই সম্মেলনের শূন্য ফলাফলকে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
জীবাশ্ম জ্বালানি, অভিযোজন অর্থায়ন এবং জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে গভীর মতবিরোধের মাঝে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পানামা এবং আরও কয়েকটি দেশ সভাপতিত্বের খসড়াটি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। কপ৩১ সভাপতি তুরস্কের মুরাত কুরুম কোনো চুক্তি ছাড়াই আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন। সেই সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নমনীয়তা ও অঙ্গীকার দেখাতে ব্যর্থ হওয়ায় কিছু দেশের সমালোচনা করেছেন।
তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী কুরুম হাতুড়ি ঠুকে আনুষ্ঠানিকভাবে দুই সপ্তাহব্যাপী সম্মেলনের সমাপ্তি টানার আগে ঘোষণা করেন যে, ‘প্রস্তাবিত মূল সিদ্ধান্তটি গৃহীত হয়নি।’ সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে কুরুম বলেন, ‘দুর্ভাগ্যবশত, কিছু দেশ এই ঐতিহাসিক দায়িত্বের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা ও নমনীয়তা দেখাতে ব্যর্থ হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা জাতীয় অগ্রাধিকারের গুরুত্ব স্বীকার করি এবং প্রতিটি দেশের পরিস্থিতিকে সম্মান করি। তবে আমাদের অভিন্ন ভবিষ্যৎ সম্পর্কিত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান খোঁজার ক্ষেত্রে আমরা সব পক্ষের কাছ থেকে আরও বেশি দায়িত্ব আশা করেছিলাম।’
জানা গেছে, খসড়া গৃহীত না হওয়ায় প্যারিস চুক্তি স্থগিত বা বাতিল হবে না; চুক্তিটি বহাল থাকবে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জমা দেওয়াসহ এই চুক্তির আওতায় দেশগুলোর বিদ্যমান বাধ্যবাধকতাগুলো বহাল রয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী সময়ে সংশোধিত বা প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত আগে গৃহীত সিদ্ধান্তগুলোও বিদ্যমান জাতিসংঘ জলবায়ু কাঠামোর অংশ হিসেবে থাকবে।
তবে প্রত্যাখ্যাত খসড়ায় থাকা প্রস্তাবগুলোকে এগিয়ে নিতে কপ৩১ নতুন কোনো সম্মত মূল সিদ্ধান্ত দিতে পারেনি। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আলোচনার পর এই অচলাবস্থা তৈরি হয়। নির্ধারিত সমাপনী সময়ের পর ৪৪ ঘণ্টারও বেশি সময় আলোচনা চলায় কপ৩১ মাদ্রিদে অনুষ্ঠিত আগের রেকর্ডধারী কপ২৫-এর চেয়েও দীর্ঘস্থায়ী হয়েছে।
দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮-এ সম্মিলিতভাবে গৃহীত জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান চূড়ান্ত রাজনৈতিক ফলাফলে পুনরায় উল্লেখ করা হবে কি না—বিশেষ করে তা নিয়ে এই অচলাবস্থা তৈরি হয়। পাশাপাশি কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজের ওপর নির্ভরতা নিয়ে উদ্বেগও ছিল। অভিযোজন অর্থায়ন তিনগুণ করার জন্য নির্দিষ্ট ডলার লক্ষ্যমাত্রার বিষয়েও দেশগুলো একমত হতে পারেনি।
ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনি দাসগুপ্ত এই ফলাফলকে প্যারিস চুক্তির ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘কপ৩১-এর এই শূন্য ফলাফল প্যারিস চুক্তির ব্যর্থতা ছিল না, এটি ছিল রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। জলবায়ু সংকট মোকাবিলার যৌথ দায়িত্বের ওপর যখন সংকীর্ণ জাতীয় স্বার্থ প্রাধান্য পায়, তখন পুরো বিশ্ব এর মূল্য দেয়। জলবায়ু সম্মেলন লোক দেখানো অবস্থান নেওয়ার মঞ্চ নয়; এগুলোর জন্য প্রতিটি দেশকে কোমর বেঁধে নেমে উচ্চাকাঙ্ক্ষী সাধারণ ভিত্তি খুঁজে বের করার কঠিন কাজটি করতে হয়।’
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত জীবাশ্ম জ্বালানির উল্লেখ করার বিষয়েও দেশগুলোর একমত হতে না পারা অগ্রহণযোগ্য। তার মতে, এমন এক সময়ে যখন বিজ্ঞান এর চেয়ে স্পষ্ট হতে পারে না, তখন জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানির সামান্য উল্লেখের বিষয়েও দেশগুলোর একমত হতে না পারা অগ্রহণযোগ্য। বিজ্ঞান অনেক আগেই এই প্রশ্নের মীমাংসা করেছে— এখন রাজনীতির সেই পর্যায়ে পৌঁছানোর সময়।’
দাসগুপ্ত আরও সতর্ক করেন যে, জলবায়ু সংকটের সম্মুখসারিতে থাকা মানুষ এমন দীর্ঘায়িত আলোচনা মেনে নিতে পারে না, যা থেকে সামান্যই বাস্তব অগ্রগতি আসে। তিনি মনে করেন, তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া যখন এই সময়ে অনিবার্য, তখন জলবায়ু সংকটের সম্মুখসারিতে থাকা মানুষের পক্ষে এটি মেনে নেওয়া সম্ভব নয় যে, সরকারগুলো দুই সপ্তাহেরও বেশি সময় ব্যয় করবে, অথচ দেখানোর মতো প্রায় কিছুই থাকবে না। আনতালিয়ায় চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতা বিশ্বব্যাপী জ্বালানি খাতকে রূপান্তরকারী গতির সম্পূর্ণ বিপরীত—যেখানে একদিকে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে ক্রমবর্ধমান সংখ্যক দেশ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পরিকল্পনা তৈরি করছে।’
তিনি বিদ্যুতায়ন ৩৫ শতাংশ ত্বরান্বিত করার ক্ষেত্রে কপ৩১ সভাপতিত্বের প্রচেষ্টার কথাও উল্লেখ করে বলেন, ‘৭০টিরও বেশি দেশের সমর্থন পাওয়ার পরও উদ্যোগটি আলোচিত ফলাফল থেকে বাদ পড়েছে।’ তিনি আরও বলেন, ‘বিদ্যুতায়ন ৩৫ শতাংশ ত্বরান্বিত করার ক্ষেত্রে কপ৩১ সভাপতিত্বের উদ্যোগটি ৭০টিরও বেশি দেশের সমর্থন পেলেও অন্য সবকিছুর মতোই আলোচনায় নির্ধারিত ফলাফল থেকে বাদ পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’
জীবাশ্ম জ্বালানির বাণিজ্যই বড় বিভাজন
চূড়ান্ত আলোচনায় জীবাশ্ম জ্বালানির সুস্পষ্ট উল্লেখ না থাকা অন্যতম বিতর্কিত বিষয় হয়ে ওঠে। সর্বশেষ খসড়ায় জীবাশ্ম জ্বালানি, তেল, কয়লা বা পর্যায়ক্রমে বন্ধ করার (ফেজ-আউট) কোনো সুস্পষ্ট উল্লেখ ছিল না। এর পরিবর্তে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮-এ সম্মত প্রথম গ্লোবাল স্টকটেকের ফলাফলের উল্লেখ করা হয়েছিল। যেখানে জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছিল।
কপ২৮ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি যৌথ অঙ্গীকার প্রতিষ্ঠা করলেও কপ৩১-এর খসড়ায় সেই ভাষা সুস্পষ্টভাবে পুনরাবৃত্তি করা হয়নি বা এই রূপান্তর বাস্তবায়নের জন্য কোনো রোডম্যাপ, সময়সীমা কিংবা বাস্তবায়ন কাঠামো নির্ধারণ করা হয়নি। চূড়ান্ত পূর্ণাঙ্গ অধিবেশনে এই মতবিরোধ বিশেষভাবে প্রকাশ্যে আসে, যখন ‘আনতালিয়া প্যাক্ট’ হিসেবে বর্ণিত সভাপতিত্বের প্রস্তাবিত মূল সিদ্ধান্তে ইইউ আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায়।
ইইউ’র পক্ষে বক্তব্য দিতে গিয়ে আয়ারল্যান্ডের জলবায়ু, জ্বালানি ও পরিবেশমন্ত্রী ড্যারাগ ও’ব্রায়েন বলেন, ‘যে খসড়া বিজ্ঞান ও বাস্তবায়ন ঘাটতি মোকাবিলায় ব্যর্থ, তা এই জোট মেনে নিতে পারে না।’ জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় ও’ব্রায়েন সমালোচনা করেন। তার বক্তব্যে পূর্ণাঙ্গ অধিবেশনের একাংশে হাততালি শোনা যায়।
পানামাও প্রস্তাবিত ফলাফলে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায়। দেশটি আগেই সতর্ক করেছিল যে. জীবাশ্ম জ্বালানি, অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতায়নের বিষয়টি উপেক্ষিত থাকলে তারা কোনো খসড়াকে সমর্থন করতে পারবে না। যুক্তরাজ্য, নরওয়ে এবং ডেনমার্কসহ অন্যান্য দেশও আগের অঙ্গীকারগুলো দুর্বল হয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর চাহিদার যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং মার্শাল দ্বীপপুঞ্জ প্রস্তাবিত ফলাফলের সমালোচনা করে।
সৌদি আরব ও অন্যান্য তেল উৎপাদনকারী দেশ জীবাশ্ম জ্বালানি নিয়ে কঠোর ভাষায় বিরোধিতা করে, আর রাশিয়া জীবাশ্ম জ্বালানির ব্যবহারে সীমাবদ্ধতার বিরোধিতা করে। জ্বালানি নিরাপত্তা, জাতীয় বাস্তবতা এবং বৈশ্বিক রূপান্তরের গতি নিয়ে বিস্তৃত মতপার্থক্য তাদের অবস্থানে প্রতিফলিত হয়। উত্তপ্ত অধিবেশন চলাকালীন কুরুম জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের নির্বাহী সচিব সাইমন স্টিলকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কি দয়া করে বসবেন?’
দাসগুপ্ত বলেন, ‘কঠিন আলোচনাগুলোই প্রমাণ করে যে, এখানে কী পরিমাণ স্বার্থ জড়িত ছিল। এই আলোচনাগুলো প্রায়ই কঠিন হয়। ঠিক এই কারণেই যে, এগুলোতে যা ঘটে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমাবনতিশীল জলবায়ু প্রভাবের মুখে প্রস্তুতি নেওয়া প্রতিটি দেশের জন্য এটি গুরুত্বপূর্ণ এবং রূপান্তরকে ধীর করার চেষ্টায় রত জীবাশ্ম জ্বালানি স্বার্থসংশ্লিষ্টদের জন্যও এটি গুরুত্বপূর্ণ।’
অভিযোজন অর্থায়ন নির্দিষ্ট লক্ষ্যমাত্রা হারায়
জলবায়ু অর্থায়ন—বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিযোজন তহবিল আরেকটি বড় বিভাজনরেখা হিসেবে থেকে যায়। আগের প্রস্তাবগুলোতে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার উচ্চাকাঙ্ক্ষা ছিল, যেখানে উন্নয়নশীল দেশগুলো ২০৩৫ সালের মধ্যে বার্ষিক অন্তত ১২০ বিলিয়ন মার্কিন ডলারের দাবি জানিয়েছিল। এটি ছিল একটি আলোচ্য দাবি, কোনো সম্মত আর্থিক অঙ্গীকার নয়। সর্বশেষ খসড়া থেকে সেই নির্দিষ্ট অঙ্কটি বাদ দেওয়া হয় এবং কোনো স্পষ্ট ভিত্তি বা সরবরাহ পথ নির্ধারণ না করেই অর্থায়ন তিনগুণ করার একটি বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষা বহাল রাখা হয়। প্রস্তাবিত ফলাফলে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের জন্যও নতুন কোনো পরিমাণগত অঙ্গীকার যুক্ত করা হয়নি। বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য জলবায়ু অভিঘাতে ক্রমবর্ধমান ক্ষতির সম্মুখীন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পূর্বাভাসযোগ্য আর্থিক অঙ্গীকারের অনুপস্থিতি ছিল বড় হতাশার বিষয়।
দাসগুপ্ত বলেন, ‘বিধ্বংসী জলবায়ুজনিত ঘটনার মধ্য দিয়ে যাওয়া একটি বছরের পরও দেশগুলো অভিযোজন অর্থায়নের লক্ষ্য এবং তা অর্জনের উপায় সম্পর্কে আরও স্পষ্টতা দিতে ব্যর্থ হয়েছে। বিধ্বংসী দাবানল ও বন্যার একটি বছরের পর দেশগুলো অভিযোজন অর্থায়নের লক্ষ্য এবং তা কীভাবে অর্জন করা যাবে সে বিষয়ে আরও স্পষ্টতা দিতে ব্যর্থ হয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ দেশগুলো তাদের জনগণ ও অর্থনীতিকে রক্ষার স্পষ্ট পথ থেকে বঞ্চিত হয়েছে।’
কার্বন ক্যাপচার ও বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা মনোযোগ
খসড়ায় জীবাশ্ম জ্বালানি রূপান্তর নিয়ে আগ্রহ থাকলেও এতে ২০৩৫ সালের মধ্যে কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ বার্ষিক প্রায় এক বিলিয়ন মেট্রিক টনে উন্নীত করার উচ্চাকাঙ্ক্ষা রাখা হয়। প্রস্তাবটি মনোযোগ আকর্ষণ করে এই আশঙ্কায় যে, কার্বন ক্যাপচার প্রযুক্তির ওপর নির্ভরতা উৎসস্থলেই জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও ব্যবহার কমানোর জরুরি প্রয়োজন থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারে। তবে এই লক্ষ্যমাত্রা নিশ্চিত করেনি যে, অতিরিক্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসবে, কিংবা সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুতে প্রবেশাধিকার ন্যায্যভাবে কী উপায়ে নিশ্চিত করা হবে তাও নির্ধারণ করেনি। খসড়াটি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা সাময়িকভাবে অতিক্রম করার ঝুঁকি স্বীকার করে এবং সেই মাত্রা অতিক্রম করা বিপরীতমুখী করতে কার্বন অপসারণ প্রযুক্তির উল্লেখ করে।
রেকর্ড দীর্ঘ এক সম্মেলন
সভাপতিপক্ষের তৃতীয় খসড়াটি তুরস্কের সময় অনুযায়ী ২২ নভেম্বর ভোর প্রায় ২টার দিকে প্রকাশ করা হয়। এতে ৯৪টি অনুচ্ছেদ ছিল, যেখানে প্রথম খসড়ায় ছিল ১৪৪টি এবং দ্বিতীয় খসড়ায় ৮০টি অনুচ্ছেদ। অস্থায়ী নিবন্ধন পরিসংখ্যানে সরাসরি উপস্থিতির নিবন্ধন ৯২হাজার ৯৩৪টি এবং ভার্চুয়াল নিবন্ধন ৩ হাজার ৩৩৫টি নথিভুক্ত হয়, যা মোট নিবন্ধনকে ৯৬ হাজার ২৬৯-এ উন্নীত করে। অতিরিক্ত নিবন্ধন গণনায় এই পরিসংখ্যানে ৩৪ হাজার ৮০৯ জন পক্ষভুক্ত প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিল, পাশাপাশি পর্যবেক্ষক সংস্থার ১৫ হাজার ৩৫৫টি এবং গণমাধ্যমের ৩ হাজার ৬৪৫টি নিবন্ধন ছিল। স্বাগতিক দেশও ১৪ হাজার ২৮৫ জন অতিথির হিসাব নথিভুক্ত করে।
বড় দেশের প্রতিনিধি দলগুলোর মধ্যে নিবন্ধনের সংখ্যা ছিল তুরস্কের ২ হাজার ৯৫০, ব্রাজিলের ১ হাজার ৯৯৪, নাইজেরিয়ার ১ হাজার ৫০৬, চীনের ১ হাজার ২১ এবং ইন্দোনেশিয়ার ৯৭৮। এগুলো চূড়ান্ত ও ব্যাজ-যাচাইকৃত উপস্থিতির পরিবর্তে অস্থায়ী নিবন্ধন পরিসংখ্যান। তবুও এগুলো সম্মেলনে কূটনৈতিক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সম্পৃক্ততার মাত্রা তুলে ধরে।
তবুও যেতে হবে সামনের দিকে
ফলাফল ছাড়াই সম্মেলন শেষ হওয়ায় হতাশ হলেও দাসগুপ্ত দেশগুলোকে বহুপাক্ষিক জলবায়ু পদক্ষেপে পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এখনই সময় দেশগুলোর এই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে বহুপাক্ষিক জলবায়ু পদক্ষেপে পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়ার। নির্গমন দ্রুত কমানো, বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণ এবং ক্রমবর্ধমান জলবায়ু অভিঘাত থেকে জনগোষ্ঠীকে রক্ষায় স্থিতিস্থাপকতা গড়ে তোলার বাস্তব পদক্ষেপ নেওয়ার মাধ্যমে জলবায়ু সংকটে একটি উচ্চাকাঙ্ক্ষী ও যৌথ সাড়া দিতে জাতিগুলোকে এক হতে হবে।’
তিনি বলেন, ‘আনতালিয়ার হতাশাজনক ফলাফল সত্ত্বেও আন্তর্জাতিক জলবায়ু পদক্ষেপে প্যারিস চুক্তি কেন্দ্রীয় অবস্থানে রয়েছে। বৈশ্বিক কেন্দ্রীয় কাঠামো হিসেবে প্যারিস চুক্তি অপরিহার্য রয়ে গেছে, যা উচ্চাকাঙ্ক্ষাকে চালিত করে। এ ছাড়া, মানুষের জীবন ও জীবিকার ওপর গভীর প্রভাব ফেলে এমন প্রতিশ্রুতিগুলোর জন্য দেশগুলোকে জবাবদিহির আওতায় রাখে।’ হতাশাজনক একটি কপ-এর জবাব বহুপাক্ষিকতা থেকে সরে আসা নয়, বরং এটিকে কার্যকর করে তোলায় মত তার।
২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কপ৩২। ততদিন পর্যন্ত মূল ফলাফলে একমত হতে কপ৩১-এর ব্যর্থতা আন্তর্জাতিক জলবায়ু প্রক্রিয়াকে কঠিন প্রশ্নের মুখে ফেলে রাখল। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহায়তার ক্ষেত্রে। এটি ওই দেশগুলোর জন্য বিশাল ক্ষতি।