বাগেরহাট: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বন্যপ্রাণী ও মাছ শিকারের অপরাধে ছয়জনকে গ্রেফতার করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল এবং দুইটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকার হলদী খাল থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোংলা থানার ছবেদখান এলাকার হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৫টার দিকে চরাপুটিয়া টহল ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল হলদী খালে নিয়মিত টহল পরিচালনা করছিল। টহলকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বনে অনুপ্রবেশকারী এই অপরাধী চক্রটিকে দেখতে পান তারা।
তিনি আরও জানান, চক্রটি নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের খালে মাছ শিকারের পাশাপাশি হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছিল। বিষয়টি টের পেয়ে বনকর্মীরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ছয়জনকে আটক করে।
স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, ‘বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনের পরিবেশ নষ্টকারী বা যেকোনো বন অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।