Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে প্রমাণের চেষ্টায় আ.লীগ ব্যর্থ: স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৬ ১১:২৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৫:০২

ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বদরবারে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রমাণের অপচেষ্টায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের অন্যান্য পার্লামেন্টের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।’

রোববার (১১ অক্টোবর) তানজানিয়ায় আয়োজিত আন্তর্জাতিক সংসদীয় সম্মেলন শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার জানান, তানজানিয়া সফরকালে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভুটানের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭টি দেশের মধ্যে মাত্র দুটি দেশ এ সম্মেলনে বিশেষ অংশ নেয়। ওই অঞ্চলে আন্তর্জাতিক সংসদীয় নির্বাচনি কমিটির সদস্য পদে নির্বাচিত হয়ে বাংলাদেশ এক বিরল আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে।’

আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে স্পিকার বলেন, ‘আওয়ামী লীগের আনা এসব অভিযোগ এরই মধ্যে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি খতিয়ে দেখেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি বাংলাদেশ সফরও করেছেন। তা ছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে শেখ হাসিনার নির্দেশে ঘটে যাওয়া গুম ও খুনের ঘটনার গভীর তদন্ত চালিয়েছে।’

জাতিসংঘের মানবাধিকার কমিশনের মূল্যায়নের কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার কমিশন স্পষ্ট ভাষায় নিশ্চিত করেছে যে বাংলাদেশ বর্তমানে সঠিক গণতান্ত্রিক ও মানবাধিকারের পথে পরিচালিত হচ্ছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও জনগণের সংগ্রামের মধ্যদিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ নতুন মর্যাদা লাভ করেছে। আওয়ামী লীগ বিশ্বমঞ্চে দেশকে ভুলভাবে উপস্থাপন করতে চেয়েছিল, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

বিমানবন্দরে সাংবাদিকদের স্পিকার হাফিজ উদ্দিন আরও বলেন, ‘বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের লড়াকু জনগণ যেভাবে একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে, তা সম্মেলনে তুলে ধরা হলে ১৬৩টি দেশের প্রতিনিধিরা করতালি দিয়ে বাংলাদেশকে অভিবাদন জানান।’ একই সাথে আগামী এক বছরের জন্য বাংলাদেশকে এই জিওগ্রাফিক্যাল গ্রুপ তথা এশিয়া প্যাসিফিক অঞ্চলের সভাপতির আসনে আসীন করা হয়েছে এবং সমাপনী অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে ও জোহরা দ্বীপ চৌধুরী ইন্টারপার্লামেন্টারিয়ানদের পক্ষে প্রদত্ত বক্তব্যে বাংলাদেশের বাস্তব চিত্র বিশ্বমঞ্চে সফলভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে বলে স্পিকার মন্তব্য করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে গত ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।

একই দিনে আইপিইউ’র ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

স্পিকারের সফরসঙ্গী ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন এবং রোকেয়া বেগম।

জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর