Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে আগাম শীতকালীন সবজি চাষ, ভালো দামের আশায় কৃষক

জাহিদুল ইসলাম জাহিদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৬ ১২:৫৬

শীত নামার আগেই কুড়িগ্রামের মাঠে সবজির জোয়ার।

কুড়িগ্রাম: শীতের আগমন এখনো ঘটেনি। তবে কুড়িগ্রামের সবজির মাঠে বইতে শুরু করেছে শীতের আগাম হাওয়া। বাজারে সবজির ভালো দাম পাওয়ায় আশায় আগাম সবজি চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা। জমি প্রস্তুত, সার প্রয়োগ, আগাছা পরিষ্কার থেকে শুরু করে চারা ও গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কেউ নিজেই করছেন পরিচর্যা, আবার কেউ শ্রমিক নিয়োগ করে আগাম সবজি উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন।

কুড়িগ্রামের বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, আগাম সবজি চাষ ঘিরে কৃষকদের ব্যস্ততা বেড়েছে। কোথাও জমিতে চলছে হালচাষ ও সার প্রয়োগ, কোথাও আগাম লাগানো সবজি গাছে দেওয়া হচ্ছে কীটনাশক। আবার কোথাও আগাছা পরিষ্কার ও গাছের প্রয়োজনীয় পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। লাউ, মুলা, বেগুন, শসা, ফুলকপি, বাঁধাকপি ও বরবটিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন তারা।

বিজ্ঞাপন

সারডোব এলাকার কৃষক বাদশাহ সৈকত বলেন, ‘বর্তমান বাজারে মরিচের দাম ১০০ টাকা কেজি। ভালো বাজার পাওয়ার আশায় ৮০ শতাংশ জমিতে মরিচ চাষ করেছি। গাছে ফুল এসেছে, অনেক গাছে মরিচ আছে। আবহাওয়া অনুকূলে ও বাজার ভালো থাকলে লাভের আশা করছি। এছাড়াও টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, গাজর, ধনে পাতা ও মিষ্টি কুমড়া চাষ করেছি।’

সিনাই ইউনিয়নের কৃষক মমিনুল ইসলাম বলেন, ‘আগাম সবজি বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখার সম্ভাবনাও রয়েছে। তবে আগাম সবজি চাষে রয়েছে বাড়তি খরচ ও রোগবালাইয়ের ঝুঁকি, সময়মতো জমি তৈরি, সার প্রয়োগ, সেচ এবং পোকামাকড় ও রোগবালাই দমনে বাড়তি অর্থ ব্যয় করতে হয়। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের আশঙ্কাও রয়েছে।’

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর কুড়িগ্রাম জেলায় ৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে রবি মৌসুম শুরু হবে। তবে বাজারে সবজির ভালো দাম পাওয়ায় মৌসুম শুরুর আগেই ২ হাজার হেক্টরের বেশি জমিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছেন কৃষকরা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিঠু চন্দ্র অধিকারী বলেন, ‘সবজির বাজার ভালো থাকায় কৃষকরা আগাম সবজি চাষে আগ্রহী হচ্ছেন। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে তাঁরা সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে ভালো ফলন পেতে পারেন।’

কৃষি সংশ্লিষ্টদের মতে, আগাম সবজি চাষে সঠিক জাত নির্বাচন, জমি ও মাটির উপযোগী সার ব্যবস্থাপনা এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করা জরুরি। এতে উৎপাদন খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি রোগবালাইয়ের ঝুঁকিও কমানো সম্ভব।

সব মিলিয়ে, আগাম সবজি চাষকে ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন কুড়িগ্রামের কৃষকরা। তাঁদের প্রত্যাশা, অনুকূল আবহাওয়া ও ভালো বাজারদর বজায় থাকলে আগাম সবজি বিক্রি করে লাভবান হতে পারবেন তারা।

 

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

মায়াবী রূপের আলোয় পরীমণি
১১ অক্টোবর ২০২৬ ১৭:৩৪

ছবির গল্প কাশবনের ট্রেন
১১ অক্টোবর ২০২৬ ১৭:২৫

আরো

সম্পর্কিত খবর