খুলনা: জেলায় চাঁদা না পেয়ে এক কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মহানগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ সমিতির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিল্টন ‘সিএসএস আভা সেন্টারে’ জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত আছেন। কয়েক দিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার দুপুর পৌনে ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।